
বাগদা: বিদেশে তাক লাগালেন বাংলার ছেলেরা। থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল ‘এশিয়া স্পেশিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়ানশিপ ২০২৬’। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়ে রূপো এবং ব্রোঞ্জ জিতলেন উত্তর ২৪ পরগনার বাগদার দুই খুদে।
গত ৭ সেপ্টেম্বর ব্যাঙ্ককে এই যোগা অনুষ্ঠানটির আয়োজিত হয়। যোগা প্রতিযোগিতায় ‘সাব জুনিয়র গ্রুপ বি’ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন মামাভাগ্নে গ্রামের বাসিন্দা পিযুষ মণ্ডল। সে জিতেছে রূপো। আবার সাব জুনিয়র গ্রুপ এ (Group A) বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতেছেন দেবা বিশ্বাস।
পিযুষ ও দেবার সাফল্যে খুশি গোটা গ্রাম। পিযুষের মা সোমা মণ্ডল জানিয়েছেন, তিন বছর বয়স থেকেই যোগা প্রশিক্ষণ নেয় পিযুষ। বাগদার প্রত্যন্ত গ্রাম থেকে এই জায়গায় পৌঁছানো তাঁদের কাছে স্বপ্নের। ছেলের সাফল্যে তারা খুশি।
দেবার বাবা দর্জির কাজ করেন। ছেলেকে এই পর্যায়ে দেখে আনন্দে চোখে জল তাঁর। বাগদার বিধায়ক সোমা ঠাকুর আর্থিক সহযোগিতা করেছে বলেই আজ দেবা বিদেশে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছে বলেও দাবি করেছেন তিনি।
শিক্ষক সুভাষ হালদার জানিয়েছেন বাগদার বিধায়ক সোমা ঠাকুর আমাদের পাশে যেমন ভাবে দাঁড়িয়েছেন সেই জন্যই আমরা আজ এই সাফল্য পেয়েছি আমি আশা রাখবো আগামীতে ছাত্র-ছাত্রীদের পাশে এমন ভাবে দাঁড়ালে আরো ভালো সাফল্য আসবে। তিনি আরো জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের সাফল্যই একজন শিক্ষকের সার্থকতা।