Bike Accident: কুয়াশার বুক চিরে ছুটছিল বাইকটা, কে জানত দুই বন্ধুর জন্য পথেই ওৎ পেতে আছে সাক্ষাৎ মৃত্যু! ভোররাতে ভয়ঙ্কর ঘটনা হাড়োয়ায়

Road Accident: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই যুবকের নাম রমেন মণ্ডল (২০) এবং ঈশান মণ্ডল (১৯)। শুক্রবার রাতে একটি অনুষ্ঠান থেকে বাইকে চেপে রমেন ও ঈশান সহ তিনজন হাড়োয়া মাদারতলা রোড ধরে বাড়ি ফিরছিলেন। ভোরে তখন রাস্তার দখল নিয়েছে কুয়াশা। দৃশ্যমানতাও একেবারে তলানিতে।

Bike Accident: কুয়াশার বুক চিরে ছুটছিল বাইকটা, কে জানত দুই বন্ধুর জন্য পথেই ওৎ পেতে আছে সাক্ষাৎ মৃত্যু! ভোররাতে ভয়ঙ্কর ঘটনা হাড়োয়ায়
প্রতীকী ছবি Image Credit source: Gemini

| Edited By: জয়দীপ দাস

Mar 14, 2026 | 9:42 AM

হাড়োয়া: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় চলে গেল দুই তরতাজা প্রাণ। শনিবার ভোরে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকার ভিগেরআটি পার্ক সংলগ্ন রাস্তায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। সেখানেই একটি মোটরবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। রক্তে ভেসে যায় রাস্তা। বাইকে থাকা দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় কলকাতার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দু’জন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই যুবকের নাম রমেন মণ্ডল (২০) এবং ঈশান মণ্ডল (১৯)। শুক্রবার রাতে একটি অনুষ্ঠান থেকে বাইকে চেপে রমেন ও ঈশান সহ তিনজন হাড়োয়া মাদারতলা রোড ধরে বাড়ি ফিরছিলেন। ভোরে তখন রাস্তার দখল নিয়েছে কুয়াশা। দৃশ্যমানতাও একেবারে তলানিতে। উল্টোদিক থেকে আসছিল একটি ভ্যান। কিন্তু দৃশ্যমানতা কম থাকায় দুই চালকই বুঝতে না পেরে একেবারে মুখোমুখি চলে আসে। ভ্যানের সঙ্গে বাইকের সজোরে ধাক্কা লাগে।

বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। হাড়োয়া থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা স্থানীয়দের সহায়তায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা রমেন এবং ঈশানকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দু’টি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই অকাল মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকেরই কাজের সূত্রে ভিনরাজ্যে যাওয়ার কথা ছিল। সেই মতো একদিন আগেই তাঁদের ট্রেনের টিকিট কাটা হয়েছিল। কিন্তু ভিন রাজ্যে গিয়ে পরিবারের হাল ধরার আগেই পথ দুর্ঘটনায় সব শেষ! 

Follow Us