
সন্দেশখালি: কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সোমবারই। মঙ্গলবার আবার সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি। নতুন করে ১২ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই নিয়ে তৃতীয় দফায় এই ধারা জারি করা হল। ত্রিমোণী বাজার, পাত্রপাড়া, সন্দেশখালি ঘাট, ভোলাখালি ঘাট, খুলনা ঘাট, ধামাখালি ঘাট, গাববেড়িয়া বাজার-সহ ১২ জায়গায় এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সার্বিকভাবে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছিল প্রথমেই। ১৯ তারিখ পর্যন্ত সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি ছিল। প্রশ্ন ওঠে একটা ঘটনার জন্য কেন গোটা জায়গায় এই বিধিনিষেধ আরোপ করা হবে? পরে আদালতের নির্দেশে প্রত্যাহার করা হয়। এরপর দ্বিতীয় দফায় ৭টি পঞ্চায়েতের ১৯ জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
যদিও দাউদপুর, গোপালের ঘাট, পুলেপাড়া, আতাপুরের মতো চার জায়গায় থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। বাকি জায়গায় ১৪৪ ধারা জারি ছিল। যদিও সোমবার সেই নির্দেশেই স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপর মঙ্গলবার আবারও নতুন করে ১৪৪ ধারা জারি করা হয় পাঁচ জায়গায়।
এদিনই সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়েই সন্দেশখালি যাচ্ছেন তিনি। তাঁর সঙ্গে পাঁচ বিধায়কও। ইতিমধ্যেই শুভেন্দু জানিয়েছেন, যদি আটকানো হয় সেখানেই বসে থাকবেন তিনি। প্রয়োজনে আবার হাইকোর্টেও যাবেন।