
বর্ধমান: বুধবার থেকে স্কুলে পড়ে যাবে পুজোর (Durga Puja 2026) ছুটি। আবার সেই একমাস পর দেখা। পুজোর আগের দিন তাই স্কুলে ছোটদের আর বিশেষ কিছু পড়াশোনা হয় না। তাই ফুল নিয়ে খেলার আয়োজন করা হয়েছিল ছোট ছোট পড়ুয়াদের জন্য। সেই ফুল কিনতে যাওয়ার পথেই মর্মান্তিক ঘটনা। পথেই মৃত্যু হল শিশুর। সাত সকালে ট্রাক্টর এসে পিষে দেয় তাকে। মৃত্যু হয়েছে শিশুর কাকারও।
এ দিন, ঘটনাটি ঘটেছে বর্ধমানের বীরহাটায়। সেখানেই কাকার সঙ্গে যাচ্ছিল ছ’বছরের ছোট সোহানা সুলতানা। কাকার সাইকেলে চড়েই যাচ্ছিল সে। আচমকা দ্রুত গতিতে একটি ট্র্যাক্টর চলে আসে। পিষে দিয়ে চলে যায় সুলতানা ও তাঁর কাকা বছর পঁয়ত্রিশের মইদুল মোল্লাকে। দুর্ঘটনার সময় তড়িঘড়ি সেখানে চলে আসেন আশপাশের বাসিন্দারা। তারা উদ্ধার করেন আহতদের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, স্কুলে ফুল খেলার জন্য ফুল কিনতে কাকার সঙ্গে যাচ্ছিল ওই স্কুল ছাত্রী।
ঘাতক ট্রাকরটি ও চালককে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ।