TMC Councillor Arrested: হাতের নাগালে পেতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের নির্দেশ বিচারকের

TMC Councillor Arrested: জানা গিয়েছে, বহু দিন ধরেই ব্যারাকপুর আদালতে চলছিল ২০১৪ সালের এই পিটিয়ে খুনের মামলা। বারবার কাউন্সিলরকে আদালতে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হলেও, নানাবিধ কারণ দেখিয়ে প্রতিবার রেহাই পেয়ে যান তিনি।

TMC Councillor Arrested: হাতের নাগালে পেতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের নির্দেশ বিচারকের
ডান দিকে গ্রেফতার হওয়া তৃণমূল কাউন্সিলরImage Credit source: TV9 Bangla

| Edited By: Avra Chattopadhyay

Feb 25, 2025 | 1:27 PM

কলকাতা: কেটে গিয়েছে একটা দশক। ছিল না ঘটনার রেশও। ২০১৪ সালের একটি মামলায় হঠাৎ করে গ্রেফতার হলেন পানিহাটির পুরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ।

কী সেই মামলা?

২০১৪ সালে এক ব্যক্তি পিটিয়ে খুনের মামলাতেই গ্রেফতার হয়েছেন পানিহাটির এই তৃণমূল কাউন্সিলর। কিন্তু এত বছর হঠাৎ করে কীভাবেই বা মাথা চাড়া দিয়ে উঠল এই খুনের মামলা?

জানা গিয়েছে, বহু দিন ধরেই ব্যারাকপুর আদালতে চলছিল ২০১৪ সালের এই পিটিয়ে খুনের মামলা। বারবার কাউন্সিলরকে আদালতে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হলেও, নানাবিধ কারণ দেখিয়ে প্রতিবার রেহাই পেয়ে যান তিনি। অবশেষে শুক্রবার বিচারকের ডাকে সাড়া দেন পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর তারপরেই এমন কাণ্ড।

প্রসঙ্গত, ২০১৪ সালে দুর্গাপুজোর সময় এলাকার এক স্থানীয় যুবককে (পরিচয় এখনও জানা সম্ভব হয়নি) নিজের দলবল নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেন এই শাসকদলের নেতা, এমনটাই অভিযোগ। তখন তিনি কাউন্সিলর হননি। কিন্তু তাতেও এলাকায় দাপট কমছিল না তারকের। পরবর্তীতে কাউন্সিলর হলে কার্যত ধামাচাপা পড়ে যায় এই হত্যার ঘটনা, অভিযোগ রয়েছে এমনটাও।

বছর কয়েক আগে ফের একবার মৃত যুবকের পরিবারের উদ্য়োগে ব্যারাকপুর আদালতে ওঠে সেই ২০১৪ সালের মামলা। কাউন্সিলরকে বারংবার তলব করেন বিচারক। কিন্তু প্রতিবার তা এড়িয়ে যান তৃণমূল নেতা। অবশেষে এদিন আদালতে হাজিরা দিতেই তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক। কোন বলে দশ বছর ধরে একটি ঘটনাকে ধামাচাপা দিয়ে রাখলেন তিনি, প্রশ্ন উঠছে সেই দিকেও। শাসকদলের কাউন্সিলর হয়ে কি সরাসরি পুলিশকে নিয়ন্ত্রণ করছিলেন তারক? উত্তর অধরা।

Follow Us