
আসানসোল: ফের একবার পুলিশকে লক্ষ্য করে গুলি। বোলপুরের পর এবার আসানসোলের (Asansol) হীরাপুর। বুধবার এক কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গেলে পুলিশকে গুলি চালিয়ে পালিয়ে যান তিনি। কয়েকদিন আগেই বোলপুরে এক কনস্টেবলকে গুলি করার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। এনকাউন্টারে মৃত্যুও হয় ওই ব্যক্তির। আর এবার আসানসোলে ফের একই ঘটনার পুনরাবৃত্তি।
প্রতাপ ওরফে প্যাও নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যক্তি। সদ্য জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন-ডাকাতি সহ একাধিক অপরাধের সঙ্গে জড়িয়েছে প্রতাপ দাসের নাম। দিন জেল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে ধরতে অভিযান চালায় পুলিশ। তাঁর বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, বাড়ি ঘিরে ফেলা হচ্ছে বুঝতে পেরেই প্রতাপ দাস পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালান ও পালিয়ে যান।
জানা গিয়েছে, একের পর এক অপরাধমূলক ঘটনায় নাম জড়িয়েছে প্রতাপের। সম্প্রতি একটি পেট্রোল পাম্পের ডাকাতির ঘটনায় নাম জড়ায় তাঁর। সালানপুরে পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো, আসানসোল বাজার এলাকায় ভাই-বোনকে খুনের ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়া সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় নাম জড়িয়েছে এই প্রতাপের। এলাকার বাসিন্দারা জানান, বারবার বিভিন্ন মামলায় গ্রেফতার হলেও, বারবার ছাড়া পেয়ে যান তিনি। আবার কোনও না কোনও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন।
হীরাপুর থানার আওতায় আসানসোল ইসমাইলে ঘটনাটি ঘটেছে। এই এলাকাতেই বাড়ি ভাড়া নিয়ে থাকে প্রতাপের পরিবার। উল্লেখ্য, বুধবারই নিমচা ফাঁড়ি থেকে বদলি হয়ে হীরাপুর থানার দায়িত্ব নিয়েছেন নাসরিন সুলতানা। তারপরই ঘটল এই ঘটনা।