Asansol Pratap Das: ‘অফিসাররা ঢুকেই বলে দিলেন সব লক করে দিন, বর অফিসে, বাচ্চারা স্কুলে’, যে বাড়িতে প্রতাপ আশ্রয় নিয়েছিল, সেই দুঃসহ মুহূর্তের বর্ণনা দিলেন গৃহকর্ত্রী শুক্লা

Asansol Search Operation Pratap Das: কিন্তু ভেবে দেখেছেন, সাতসকালে একটা পাড়ার মধ্যে এই ঘটনা! যে বাড়িতে লুকোয় প্রতাপ, যেবাড়ির ড্রেনের সামনে চলে পুলিশের অপারেশন, সেই বাড়ির লোকেদের তখন মনের ঠিক কী অবস্থা? গৃহকর্ত্রী শুক্লা সামন্ত তখনও এসব কথা বলতে গিয়ে বারবার ঢোক গিলছেন।

Asansol Pratap Das: অফিসাররা ঢুকেই বলে দিলেন সব লক করে দিন, বর অফিসে, বাচ্চারা স্কুলে, যে বাড়িতে প্রতাপ আশ্রয় নিয়েছিল, সেই দুঃসহ মুহূর্তের বর্ণনা দিলেন গৃহকর্ত্রী শুক্লা
বাড়ির মালিক শুক্লা সামন্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 27, 2026 | 11:46 AM

আসানসোল: ঠিক যেন হিন্দি সিনেমার প্লট! যেন কোনও অ্যাকশন মুভির শুটিং চলছে। সরু গলির দু’পাশ দিয়ে পরপর উঁচু উঁচু বাড়ি। সেই এলাকার বন্দুক হাতে চষে বেড়াচ্ছেন পুলিশের দুঁদে কর্তারা। ট্রিগারে চেপে প্রস্তুত অনেকেই। টার্গেট দেখলেই হবে ফায়ারিং। ঠিক যেমনটা সিনেমায় দেখা যায়, ‘গ্যাংস্টার’কে ধরতে এলাকা, বাড়ি যেভাবে ঘিরে ফেলে পুলিশ। শুক্রবার সকালটা বছর পঁচিশের প্রতাপ দাসের খোঁজে হীরাপুরের পাঁজাগলি ঠিক এভাবেই আষ্টেপৃষ্ঠে ঘিরে ফেলেছিল পুলিশ। পুলিশের কাছে খবর ছিল প্রতাপ পাঁজাগলিতেই কোনও একটা বাড়িতে আশ্রয় নিয়েছে। সকাল একজন ASI দেখেওছিলেন তাকে। প্রতাপ তাঁকে লক্ষ্য করে আজ সকালেও গুলি চালায়। এরপরই শুরু হয় প্রতাপের খোঁজে রুদ্ধশ্বাস অভিযোগ। ঠিক তিনটে দোতলা বাড়ি পরপর। মাঝের গোলাপি রঙা বাড়িটিতেই শেষ আশ্রয় নেয় প্রতাপ। সেখানেই ফায়ারিং। পুলিশের গুলি লাগে প্রতাপের পায়ে, রক্তাক্ত প্রতাপকে উদ্ধার করে পুলিশ।

কিন্তু ভেবে দেখেছেন, সাতসকালে একটা পাড়ার মধ্যে এই ঘটনা! যে বাড়িতে লুকোয় প্রতাপ, যেবাড়ির ড্রেনের সামনে চলে পুলিশের অপারেশন, সেই বাড়ির লোকেদের তখন মনের ঠিক কী অবস্থা? গৃহকর্ত্রী শুক্লা সামন্ত তখনও এসব কথা বলতে গিয়ে বারবার ঢোক গিলছেন। আতঙ্ক তাঁর চোখে মুখে। তিনি বলেন,  “ভাবতে পারছেন, কেমনভাবে কীভাবে কারোর বাড়িতে ঢুকে গেল! দিনেরবেলাতেই ভয় পাচ্ছিলাম। বাড়ির বাচ্চারা সব স্কুলে তখন। বর অফিস যাচ্ছে। এরকম ঘটছে! গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিল। বাড়ির মধ্যে এরকম হলে ভাবতে পারেন কী অবস্থা হয়!”

বাড়ির বাইরে থেকে পুলিশ তাঁকে ঠিক কীভাবে গাইড করেছিল, সেটাও বলেন তিনি। তাঁর কথায়, “অফিসাররা ঢুকেই বলে দিলেন সব লক করে দিন। ছাদের দরজা থেকে জানালা সব বন্ধ করে দিন। আমি সব লক করে দিয়েছিলাম। আমি ছাদে ছিলাম। ছাদ থেকে দেখলাম,  ফায়ারিং হল, অফিসাররা ধরে বার করলেন।”

এই দৃশ্য শেষ কয়েক বছরে বাংলা কবে দেখেছিল, তা স্মৃতি হাতড়েও মনে করতে পারবেন না কেউ। স্বাভাবিকভাবেই পাঁজাগলির বাসিন্দারা আকস্মিকতার রেশ কাটিয়েই উঠতে পারছিলেন না। এক জন মহিলা বললেন, “আমরা খুবই আতঙ্কে ছিলাম। ওকে ধরেছে খুবই ভালো হয়েছে। আমরা ফেসবুকেও দু’দিন ধরে খবরটা দেখছি। এখানেই তো ওর বেড়ে ওঠা। আমরা ভয়েই ছিলাম। রাতের বেলা বেরোতে পারছিলাম না। ওকে তো সামনাসামনি দেখেছি আগে। পুলিশ ওকে ধরেছে, খুব ভালো কাজ করেছে।”

হীরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। আর পাঁজাগলির পিছনে প্রতাপের মামাবাড়ি। দুটো এলাকাই পাশাপাশি। ফলে ওই অলিগলি, সেখানকার মানুষ প্রতাপের পরিচিত। তাই প্রতাপ নিজের এলাকাতেই আশ্রয় নিয়েছিল। প্রতাপকে খুব কাছ থেকে চেনেন এক ব্যক্তি বললেন, “আমার বাড়ির পিছনের দিকেই ওর মামাবাড়ি, ওকে বহু আগে দেখেছি। তবে এত্ত কিছু যে, সেটা জানতাম না। কয়েকদিন ধরে দেখছি, পুলিশ এত যাতায়াত করছে।”

প্রসঙ্গত, বছর পঁচিশের প্রতাপ, আসানসোল, হীরাপুর, পুরুলিয়া,  সালানপুরের দাগি অপরাধী হিসাবে পরিচিত। গত ২৬ নভেম্বর একটি সাইবার প্রতারণা মামলার অভিযোগে তার খোঁজে তল্লাশি চালায় পুলিশ। সে সময়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। এরপর থেকে তার খোঁজে চলে তল্লাশি। প্রতাপের খোঁজে আগেও একাধিক অভিযোগ রয়েছে। ক্লাস সেভেনে পড়াকালীন একটি ওষুধের দোকানে চুরি দিয়ে তার হাতেখড়ি। জুভেনাইল হোমে পাঠানো হয় তাকে। ফিরে এসে ফের অপরাধেই যুক্ত হয়। এরপর চুরি, ডাকাতি,  পেট্রল পাম্পে গুলি চালনার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Loading...
Unable to load recommendations.
Follow Us