
দুর্গাপুর: বিজেপি নেতাকে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্তের অবৈধভাবে নির্মিত বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লি এলাকায় অভিযুক্ত বিজয় নন্দীর বাড়িটি ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, কোনো বৈধ অনুমতি ছাড়াই বেআইনিভাবে বাড়িটি নির্মাণ করা হয়েছিল।
ঘটনার সূত্রপাত চলতি মাসের ১০ তারিখ রাতে। দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লি এলাকায় পিটিয়ে খুন করা হয় বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক শ্যাম কুমার দাসকে। এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিজয় নন্দী সহ অজয় নন্দী ও প্রসূন পাণ্ডেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ১৫ দিনের মধ্যে অভিযুক্তদের বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাড়ি নির্মাণের বৈধ অনুমোদন না থাকার অভিযোগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তরফে আগেই নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সেই নোটিসের কোনো সন্তোষজনক জবাব মেলেনি। এরপরই সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের বিডিও দেবদ্বীপ বৈরাগীর নেতৃত্বে এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার চালিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে দুর্গাপুর-ফরিদপুরের বিডিও দেবদ্বীপ বৈরাগী জানান, বাড়িটি সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং কোনো বৈধ নথিপত্র দেখানো হয়নি, সেই কারণেই আইনানুগভাবে তা ভেঙে ফেলা হয়েছে।