
দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলের ঘর থেকে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম অভিষেক কুমার (২১)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। পরীক্ষার মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই পড়ুয়া আত্মঘাতী হয়েছেন কি না, সেই প্রশ্ন উঠেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিহত অভিষেক বেসরকারি ওই মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এদিন দুপুরে তাঁর সহপাঠী ঘরের বাইরে যান। কিছু সময় পর ফিরে এসে তিনি দেখতে পান, ভেতর থেকে ঘর বন্ধ রয়েছে। বারবার ডাকাডাকি করলেও অভিষেকের কোনও সাড়া পাননি। সাড়া না পেয়ে সন্দেহ হয় সহপাঠীর। তৎক্ষণাৎ তিনি বিষয়টি হস্টেল কর্তৃপক্ষ ও অন্য সহপাঠীদের জানান। সকলে মিলে দ্রুত ঘটনাস্থলে এসে দরজার লক ভেঙে ভেতরে ঢোকেন এবং অভিষেককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিলিং ফ্যানে ঝুলতে দেখেন।
ঘটনার পরই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা পরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা না গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, সামনেই গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল অভিষেকের। সম্ভবত পরীক্ষার অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তার জেরে তিনি এই চরম সিদ্ধান্ত নিতে পারেন।
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে মৃত ছাত্রের পরিবারকে তাঁর বাড়ি বিহারের সীতামারিতে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা দুর্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।