Burnpur: কথা রাখল সরকার, তৈরি হল বেতন কাঠামো, অকাল হোলিতে মাতলেন কর্মচারীরা

Barpur News: সেল-এর বিভিন্ন ইউনিটে এবার কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে ন্যূনতম মজুরি চালু হল। দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমে বার্ণপুরের সেল আইএসপি কারখানায় প্রায় ১২ হাজার শ্রমিকের জন্য এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হল।

Burnpur: কথা রাখল সরকার, তৈরি হল বেতন কাঠামো, অকাল হোলিতে মাতলেন কর্মচারীরা
অকাল হোলিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 22, 2026 | 12:04 PM

আসানসোল: অকাল হোলি খেলা চলছে ইস্পাত নগরী বার্নপুরে (Barnpur)। গেরুয়া আবির খেললেন শ্রমিকরা। আসানসোল ও দুর্গাপুরের ইস্পাত কারখানার হাজার হাজার ঠিকা ও সাধারণ শ্রমিকদের জন্য বড়সড় সুখবর। সেল-এর বিভিন্ন ইউনিটে এবার কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে ন্যূনতম মজুরি চালু হল। দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমে বার্ণপুরের সেল আইএসপি কারখানায় প্রায় ১২ হাজার শ্রমিকের জন্য এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হল। এর ফলে শ্রমিকদের বার্ষিক মোট প্রায় ৫৪ কোটি টাকা বাড়তি আয় হবে। খুব শীঘ্রই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং অ্যালয় স্টিল প্ল্যান্টেও এই নিয়ম চালু হতে চলেছে।

নতুন নিয়মে দৈনিক মজুরি এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় কারখানা চত্বরে এখন উৎসবের মেজাজ। বার্নপুর ইস্পাত কর্মচারীদের মতে, ২০২১ সাল থেকে চলা এই ঐতিহাসিক লড়াইয়ের জয়ের কারণেই শ্রমিক ও তাঁদের পরিবারে অকাল হোলি খেলছেন। তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সামান্য বেতনে এতদিন সংসার চালানোই দায় ছিল, এবার তাঁরা নতুন করে বাঁচার আশা খুঁজে পাচ্ছি।”

আগে পুরানো আইন অনুযায়ী সেল-এর ইউনিটগুলো রাজ্য সরকারের নিয়মে চলত। কিন্তু নতুন আইনে এগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে চলে এসেছে। বাজেটের হিসাব ও সরকারি নিয়মকানুনের কারণে এই নতুন বেতন চালু করতে কিছুটা দেরি হচ্ছিল। তবে সেন্ট্রাল ডেপুটি লেবার কমিশনারের দফতরের লাগাতার বৈঠক ও উদ্যোগের ফলে অবশেষে এই জট কাটল।

প্রথমে বার্নপুরের সেল আইএসপি কারখানায় প্রায় ১২ হাজার শ্রমিকের জন্য কেন্দ্রীয় ন্যূনতম মজুরি চালু হয়েছে। এতে শ্রমিকদের বছরে মোট প্রায় ৫৪ কোটি টাকা বাড়তি আয় হবে। এরপর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি-তে শ্রম দফতরের আধিকারিকরা খাতাপত্র যাচাই করে দেখেন, সেখানেও কিছু শ্রমিক কম মজুরি পাচ্ছেন। দীর্ঘ আলোচনার পর ডিএসপি-র প্রায় ৩ হাজার শ্রমিকের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যাতে তাঁদের বছরে প্রায় সাড়ে ৭ কোটি টাকা লাভ হবে। তবে যাঁরা আগে থেকেই বেশি বেতন পাচ্ছেন, তাঁদের টাকা কোনোভাবেই কমানো হবে না। খুব শীঘ্রই দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট বা এএসপি-তেও এই নতুন নিয়ম চালু হবে।

এই প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “ডবল ইঞ্জিনের সরকার সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে বদ্ধপরিকর। এই বেতন বৃদ্ধি শ্রমিক ও ইউনিয়নের যৌথ লড়াইয়েরই জয়।”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us