Asansol: দিনের পর দিন PF-এর নামে টাকা কেটেছে, কিন্তু সেই টাকা যাচ্ছে কোথায়? ভয়ঙ্কর অভিযোগ

Asansol: আসানসোল পুরনিগমের বিরুদ্ধে অভিযোগ, সাফাই কর্মীদের বেতন থেকে ১৩ মাস ধরে পিএফের টাকা কাটা হয়েছে। কিন্ত জমা দেওয়া হয়নি। প্রায় তিন হাজার সাফাই কর্মীদের সঙ্গে ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব আসানসোলের রাজনৈতিক মহল।

Asansol: দিনের পর দিন PF-এর নামে টাকা কেটেছে, কিন্তু সেই টাকা যাচ্ছে কোথায়? ভয়ঙ্কর অভিযোগ
কর্মীদের বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 01, 2026 | 2:42 PM

আসানসোল: পুরকর্মীদের পিএফ বিতর্কের পর এবার সামনে এল সাফাই কর্মীদের পিএফ বিতর্ক। গত বছর জুলাই মাসে TV9 বাংলায় খবর সম্প্রচার হয়েছিল পুরকর্মীদের দু’বছর ধরে বেতনে কাটা হলেও জমা পড়েনি পিএফ। সেই দুর্নীতির খবর দেখে পিএফ কমিশনার চিঠি পাঠায় আসানসোল পুরনিগমে।  সেই রেশ কাটতে না কাটতে আবার পিএফ দুর্নীতি। এবার সাফাই কর্মীদের পিএফ চুরি।

আসানসোল পুরনিগমের বিরুদ্ধে অভিযোগ, সাফাই কর্মীদের বেতন থেকে ১৩ মাস ধরে পিএফের টাকা কাটা হয়েছে। কিন্ত জমা দেওয়া হয়নি। প্রায় তিন হাজার সাফাই কর্মীদের সঙ্গে ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব আসানসোলের রাজনৈতিক মহল। শুক্রবার ঘটনাটি সামনে আসে সাফাই কর্মীদের চার দফা দাবিতে পুরসভা ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে।

শুক্রবার সকাল থেকে পুরনিগমে সাফাইকর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভে নেমেছিলেন। শয়ে শয়ে সাফাইকর্মীর আন্দোলনে অব্যাহত তিনদিন ধরে। এই ঘটনায় বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অভিযোগ, আসানসোল কর্পোরেশন দুর্নীতির আঁতুড়ঘর।

উল্লেখ্য গত জুলাই মাসে, পিএফ বিতর্ক সামনে আসে। আসানসোল পুরনিগমের ৩৭০ জন স্থায়ী ও ৩৬৫৮ জন অস্থায়ী কর্মীদের বেতন থেকে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা হয়নি। গত দুবছর ধরে চলছিল এই ঘটনা। খবর সম্প্রচারের পর ড্যামেজ কন্ট্রোল করেছিল পুর কর্তৃপক্ষ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার সাফাই কর্মীদের পিএফ বিতর্ক এল সামনে।

এই প্রসঙ্গে, মেয়র বিধান উপাধ্যায় বলেন, “আমাদের নিজেদের একটু অসুবিধা ছিল। টাকাটা কোনও সিস্টেমের প্রবলেম ছিল বলে জমা হয়নি। ২০২৫-এর মার্চ পর্যন্তই জমা হয়েছে। টাকা আটকে রাখা হয়নি, সম্ভবত জমা পড়ে গিয়েছে। আমি পুরো রিপোর্টটা নিয়ে তারপর বলতে পারব।”