
আসানসোল: সালানপুরে অশোক কুমার সিং ওরফে বিকি হত্যাকাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পাঁচ সেকেন্ডের ভিডিয়ো ফুটেজের সূত্র ধরে এই ঘটনায় সুরজ প্রসাদ নামে ২২ বছর বয়সী আরও এক যুবককে গ্রেফতার করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে হিন্দুস্তান কেবলসের দেশবন্ধু পার্ক এলাকা থেকে জোড়বাড়ির বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করা হয়। সালানপুরের হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে বিকিকে নৃশংসভাবে মারধর করে খুনের অভিযোগ ওঠে।
পরকীয়া সন্দেহে বিকি ওরফে অশোক কুমার সিং (২৮) নামের এক যুবককে পিটিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছিল ২৯ অক্টোবর। এই ঘটনায় আগেই সুরেন্দ্র যাদব ও দীপক যাদব নামে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাঁচ সেকেন্ডের একটি ভিডিয়ো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। ওই ফুটেজে মাটিতে পড়ে থাকা এক ব্যক্তিকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে দেখা যায়। ভিডিয়োর সূত্র ধরেই অভিযুক্ত সুরজ প্রসাদকে শনাক্ত করে পুলিশ।
ধৃত যুবককে শনিবার আসানসোল আদালতে পেশ করা হয়। এই হত্যাকাণ্ডে সুরজের ঠিক কী ভূমিকা ছিল এবং ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।