Indian Army: কাশ্মীরে ফিল্ড ফায়ারিং মহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, শহিদ দুর্গাপুরের বীর জওয়ান

Durgapur: ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন অজয় জয়সওয়াল (২৮)। বর্তমানে জম্মু ও কাশ্মীরে ৩২৩ মিডিয়াম রেজিমেন্ট নায়েক পদে কর্মরত ছিলেন। ১০ মার্চ ফিল্ড ফায়ারিংয়ে শহিদ হন তিনি।

Indian Army: কাশ্মীরে ফিল্ড ফায়ারিং মহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, শহিদ দুর্গাপুরের বীর জওয়ান
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 13, 2026 | 9:32 PM

দুর্গাপুর: জম্মু-কাশ্মীরে সেনার রুটিন ফিল্ড ফায়ারিং মহড়া চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। শহিদ দুর্গাপুরের বীর সন্তান। শুক্রবার সকালে অজয় জয়সওয়াল (২৮) নামে ওই বীর জওয়ানের কফিনবন্দি দেহ দুর্গাপুরের মামরা বাজার সংলগ্ন বিদ্যাসাগর পল্লীর বাড়িতে এসে পৌঁছায়। শোকের ছায়া গোটা এলাকাতেই। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। চোখে জল অত্মীয়-স্বজনদেরও।  

সেনা সূত্রে জানা গিয়েছে, গত ১০ মার্চ জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর একটি ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। সেখানেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পরিবার সদস্যরা বলছেন, ছোটবেলা থেকেই দেশের সেবা করার স্বপ্ন দেখতেন অজয়। সেই স্বপ্নপূরণ হয় ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর। ওইদিনই আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনায় যোগ দেন তিনি। বর্তমানে তিনি জম্মু ও কাশ্মীরে ৩২৩ মিডিয়াম রেজিমেন্টে নায়েক পদে কর্মরত ছিলেন। কিন্তু আচমকা এত অল্প বয়সে তাঁর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। সকলেই বারবার বলছেন সেই ছোট্টবেলা থেকে অজয় একনিষ্ঠভাবে দেশপ্রেমের কথা। তাঁর স্বপ্নপূরণের কথা, তাঁর সেনায় যোগ দেওয়ার কথা। 

বৃহস্পতিবার বিকেলে বিশেষ বিমানে করে শহিদ জওয়ানের মরদেহ আনা হয় দুর্গাপুর বিমানবন্দরে। সেখান থেকে পূর্ণ সামরিক মর্যাদায় দেহটি নিয়ে যাওয়া হয় পানাগড় সেনা ঘাঁটিতে। রাতে সেখানেই রাখা ছিল দেহ। শুক্রবার সকালে পানাগড় থেকে তাঁর দেহ নিয়ে আসা হয় মামরা বাজারের বিদ্যাসাগর পল্লীর বাসভবনে। পাড়ার ছেলেকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই তাঁর বাড়ির সামনে মানুষের ঢল নামে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন দুর্গাপুরের প্রশাসনিক আধিকারিকরাও। আসেন এলাকার বিশিষ্টজনেরাও। 

Follow Us