
বর্ধমান: বাড়িতে ঢুকে যুবতীকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। জানা যাচ্ছে, রাতের অন্ধকারে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের গুসকরা ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম রোহিত মাহাতো (২৮)। বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামে। জানা যাচ্ছে, শুক্রবার বিকেলে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পাশাপাশি নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয় আদালতে।
বৃহস্পতিবার রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন ওই মহিলা। পাশের ঘরে ছিলেন তাঁর বিধবা মা। সেই সময় মহিলার ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। মহিলা পাড়া পড়শিদের বলার পর স্থানীয়রা ওই যুবককে আটক করে। যদিও, গ্রামের কয়েকজন বিষয়টি নিয়ে আলোচনার ভিত্তিতে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায়। নির্যাতিতার মুখ থেকে ঘটনার কথা শোনার পর পুলিশ অভিযুক্তকে আটক করে। অভিযোগ দায়ের করলে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত যুবক পেশায় সিভিক ভলান্টিয়র। তবে বর্তমানে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে সাতদিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ।
সেই আবেদন অবশ্য খারিজ করে দেন ভারপ্রাপ্ত সিজেএম। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৬ এপ্রিল ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক। বিষয়টি নিয়ে যুবতী নিজেই থানায় অভিযোগ দায়ের করেন। যুবতীকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে, তিনি শারীরিক পরীক্ষায় রাজি হয়নি।