
বর্ধমান: বর্ধমানে ‘ডিম থেরাপি’! আদালতে তোলার পথে প্রাক্তন কাউন্সিলর সেলিমকে লক্ষ্য করে ডিম। তোলাবাজি, হুমকি ও ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হয়েছেন বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা জেলা আইএনটিটিইউসি-র প্রাক্তন সভাপতি সৈয়দ মহম্মদ সেলিম। শুক্রবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একই সঙ্গে আদালত চত্বরে উপস্থিত একদল ব্যক্তি ‘চোর চোর স্লোগান’ দিতে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থানার পুলিশ তোলাবাজি, হুমকি এবং ভাঙচুরের অভিযোগে সৈয়দ মহম্মদ সেলিমকে গ্রেফতার করে। তিনি একসময় বর্ধমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং জেলা আইএনটিটিইউসি-র সভাপতির দায়িত্বও সামলেছেন।
শুক্রবার পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। সেই সময় আদালত চত্বরে বিক্ষোভকারীদের একাংশ তাঁর বিরুদ্ধে স্লোগান দেয় এবং ডিম ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ। নিরাপত্তা জোরদার করে অভিযুক্তকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।