
বর্ধমান: গভীর রাতে আচমকা স্ট্রং রুমের ছাদে দেখা মিলল রহস্যময় ব্যক্তির। ভাইরাল ভিডিয়ো। পূর্ব বর্ধমানের ইউআইটি ক্যাম্পাসে তৈরি স্ট্রংরুমকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। একইসঙ্গে ইউআইটি বিল্ডিংয়ের স্ট্রংরুমে সিসিটিভি (CCTV) বিকল ও সময়ের অমিল ঘিরেও বিতর্ক। এদিকে এই স্ট্রংরুমে ৫টি বিধানসভার ইভিএম রয়েছে বলে খবর। সেখানে এই ঘটনায় জোরদার চাপানউতোর চলছে নাগরিক মহলে। কিন্তু, ভাইরাল ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তাঁর পরিচয় জানা যায়নি। কিন্তু দেখা যাচ্ছে ছাদ থেকে একটি দড়ি ফেলা হয়েছে নিচে। সেই দড়ি দিয়েই তিনি ওঠানামা করছেন।
স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। তাঁর দাবি, স্ট্রংরুমে ইভিএম রাখার পর থেকেই একাধিক অসঙ্গতি চোখে পড়ছে। রাতের দিকে মাঝেমধ্যেই সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, গভীর রাতে ভবনের ছাদে কিছু লোকের ওঠানামা এবং হাতুড়ির শব্দ শোনা গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভাইরাল ভিডিয়ো ইতিমধ্যেই তিমি কমিশনের নজরে এনেছেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষও নজরদারি ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, সিসিটিভি নজরদারির মাঝেই বারবার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। রেকর্ডিংয়ের সময় দেশের সময়ের থেকে ১ থেকে ২ মিনিট এগিয়ে থাকছে। এই অবস্থায় বড় কোনও ঘটনা ঘটলে তার সঠিক সময় নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে বলে তাঁর আশঙ্কা।
অন্যদিকে সমাগ্রিক অব্যবস্থা নিয়ে সুর চড়িয়েছেন স্বরাজ। তিনি বলছেন, এত সংবেদনশীল এলাকায় ২৪ ঘণ্টা টেকনিশিয়ান থাকা অত্যন্ত জরুরি। কিন্তু তার কোনও ব্যবস্থাই নেই। অভিযোগ করা হলেও দ্রুত কোনও সমাধান পাওয়া যাচ্ছে না।