Black Diamond Express: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া, চলন্ত ট্রেনেই তীব্র আতঙ্ক যাত্রীদের মধ্যে

Smoke in Black Diamond Express: যাত্রীরা জানিয়েছেন, বিকেলে ধানবাদ থেকে হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রাপথের শুরু থেকেই ট্রেনটিতে কিছুটা সমস্যা দেখা যাচ্ছিল। প্রথমে পানাগড় স্টেশনের কাছে ট্রেনটিতে সামান্য গোলযোগ দেখা দেয়।

Black Diamond Express: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া, চলন্ত ট্রেনেই তীব্র আতঙ্ক যাত্রীদের মধ্যে
কীভাবে লাগলো আগুন? Image Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 16, 2026 | 10:38 PM

পূর্ব বর্ধমান: খানা জংশন ও তালিত স্টেশনের মাঝে ডাউন ২২৩৮৭ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন। ইঞ্জিনের ঠিক পরের কামরার নিচের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে চরম আতঙ্কের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। পরিস্থিতি বেগতিক দেখে তালিত স্টেশনের কাছেই তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেনটি।

যাত্রীরা জানিয়েছেন, বিকেলে ধানবাদ থেকে হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রাপথের শুরু থেকেই ট্রেনটিতে কিছুটা সমস্যা দেখা যাচ্ছিল। প্রথমে পানাগড় স্টেশনের কাছে ট্রেনটিতে সামান্য গোলযোগ দেখা দেয়। এরপর ট্রেনটি যখন খানা জংশন পেরিয়ে তালিতের দিকে এগোচ্ছিল, তখন ইঞ্জিনের ঠিক পরের কামরাটির তলা থেকে হঠাৎই গলগল করে ধোঁয়া বের হতে থাকে, দেখা যায় আগুনের ফুলকিও। চলন্ত ট্রেনে ধোঁয়া দেখে কামরার ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। 

তালিত স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়াতেই যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামেন রেলকর্মীরা। ছুটে আসেন রেলের আধিকারিকরা। ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। তবে স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক রয়েছে। 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, ট্রেনটির ইঞ্জিনের ঠিক পরের কামরায় ব্রেক বাইন্ডিং হয়ে চাকা আটকে যাওয়ার কারণেই এই ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। সন্ধ্যা ৭টা ৪৫ নাগাদ এই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। কিন্তু ৮:২০ নাগাদ দ্রুত ওই সমস্যা মিটিয়ে ট্রেনটিকে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়।

Follow Us