
দিঘা: সোমবার রাজ্যে পালিত হয়েছে কালীপুজো ও দীপাবলি। আলোর উৎসবে মেতে উঠেছিল রাজ্য। শব্দবাজি নিয়ে আগেই স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপরও বাজির আধিক্য নিয়ে সমালোচনা সামনে আসতেই মুখ্যমন্ত্রী বললেন, ‘আমার মনে হয়েছে নিয়ন্ত্রণ করা হয়েছে।’ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শব্দবাজি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সবরকম ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
শব্দবাজি নিয়ে অভিযোগ উঠেছে শুনেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “কমিউনিস্টরা করছে।” তাঁর বক্তব্য, রাত ১০ টার পর কিছু বাজি ফেটেছে ঠিকই, তবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থাও নিয়েছে। ৩-৪টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানেও তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
সমালোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “দীপাবলিতে একটু আনন্দ করবে, গ্রিন ক্র্যাকার ফাটাবে , তাতেও এত অসুবিধা! আসলে কিছু লোকের সমস্য়া হচ্ছে, এত সনাতনের জাগরণ ঘটেছে বলে। যারা অভিযোগ করছে, তারা হিন্দুদের অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিল। শাস্ত্রকে দূরে সরিয়ে দিয়েছিল। এরা টিকা লাগায় না, এদের হাতে বিপদতারিণীর ডোর নেই। এদের গলায় তুলসী নেই।”
শুভেন্দু অধিকারী এ কথাও মনে করিয়ে দেন যে, এক ঘণ্টা বেশি বাজি ফেটেছে বলে যখন সমালোচনা করা হচ্ছে, তখন ডিজে বন্ধ হওয়ার প্রশংসাটাও সরকারের পাওয়া উচিৎ। তিনি বলেন, “আমি অন্তত রাস্তার পাশে কোনও ডিজে শুনিনি।”
বাজি নিয়ন্ত্রণ করতে মধ্যরাতে রাস্তায় নামেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পুলিশের গাড়িতেই ঘুরে দেখেন সব। বেশ কয়েক জায়গায় কড়া ভাষায় নির্দেশ দিতেও দেখা যায় তাঁকে।