
পাঁশকুড়া: দিদি না থাকলে হয়ত আজ পরীক্ষাটাই দেওয়া হত না দিশার। সেই ৫ বছর বয়স থেকে চলছিল লড়াই। অসুস্থ অবস্থায় কোনও ক্রমে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তবে এবার একেবারে সুস্থ দিশা। আর এই সুস্থতার জন্য দিদি লিসাকেই কৃতিত্ব দেয় সে। দিশা বলে, ‘বাবা-মা আমাকে জন্ম দিয়েছে। কিন্তু আমাকে পুনর্জন্ম দিয়েছে আমার দিদি।’এত বছর ধরে সব লড়াইতে পাশে থেকেছে লিসা।
দিশার বাবা পেশায় বিমা কর্মী, মা পাঁশকুড়া বনমালী কলেজের শিক্ষাকর্মী। তাঁদের ছোট মেয়ে দিশার যখন ৫ বছর বয়স তখন জানা যায় যে তার লিভারের জটিল সমস্যা রয়েছে। ২০২০ সালের ৮ ফ্রেব্রুয়ারি শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় দিশার। তড়িঘড়ি তাকে মেদিনীপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হাওয়ায় কলকাতায় নিয়ে যাওয়া হয়। প্রায় সাত দিন ভর্তি থাকায় অল্প সুস্থ হলে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়।
এরপর ফের অসুস্থ হয়ে পড়ে দিশা। চিকিৎসার জন্য তখন তাকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। তখন আবার ফিরিয়ে নিয়ে আসা হয় এসএসকেএমে। সেখানে ভর্তি না নেওয়ায় সোনারপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় দিশাকে। চিকিৎসকেরা পরিবারকে জানায়, যত শীঘ্র সম্ভব লিভার প্রতিস্থাপন করতে হবে। আর সেটা সম্ভব দিল্লির ম্যাক্স হাসপাতালে। দিশার বয়স তখন ১২।
সেই চিকিৎসার খরচ ছিল প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা। পরিবারের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। ধার দেনা করে বাবা-মা দিল্লি নিয়ে যায় দিশাকে। একজন লিভারদাতা আগ্রহী থাকলেও সমস্ত টেস্টের রিজেক্ট করে দেওয়া হয়। হন্যে হয়ে লিভার খুঁজতে থাকেন বাবা-মা। তখন নিজের লিভারের অংশ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় দিদি লিসা। শরীরের থেকে ৬০ শতাংশ লিভার দিতে এগিয়ে যায় সে। পাঁশকুড়ার বাড়ি থেকে সে ছুটে যায় দিল্লি।
২০২০-তে দিদির লিভারের অংশ প্রতিস্থাপন করা হয় দিশার শরীরে। তারপর ২০২৩ সালে পের অসুস্থ হয়ে পড়ে সে। শারীরিক অসুস্থতার মধ্যেই সেই বছর মাধ্যমিক পরীক্ষা দেয়। এ বছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে দিশা। এখন আর তেমন অসুস্থতা নেই তার। দিশার কাছে তার বড় দিদি যেন ভগবানের দূত। বর্তমানে দিশা পাঁশকুড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী।