
মন্দারমণি: কোনও বেআইনি নির্মাণ থাকবে না। আগেই সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গোটা রাজ্যজুড়ে বুলডোজার নামিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সব বেআইনি নির্মাণ। এবার সেই একই পদক্ষেপ মন্দারমণিতেও। রাতেই এলাকাবাসী ও পুলিশের তৎপতায় বেআইনি হোটেল নির্মাণ বন্ধ করলো মন্দারমণি থানা। ঘটনায় আটক হয়েছেন ৭ জন।
বহু দিন ধরেই অভিযোগ উঠছিলো মন্দারমণি সৈকতে বেআইনি নির্মাণ নিয়ে। এই নিয়ে বহু বার সরব হয়েছিলেন এলাকাবাসী। পুলিশে অসহযোগিতা মিলেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। এরপর বুধবার মন্দারমণি থানা এলাকার
শিলামপুর মৌজায় রাতের অন্ধকারে ‘সুইট ফ্যান্টাসি রিসোর্ট’ নামের হোটেল কাজ চলছিল বলে অভিযোগ। এই নির্মানটি সৈকত থেকে ১০০ মিটারের মধ্যে।
এলাকার বাসিন্দাদের দাবি, রাত্রিবেলা এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বালি, মশলা রেডি করে এনে বেআইনিভাবে চালানো হচ্ছিল কংক্রিটের কাজ। তবে এত লুকিয়েও লাভের লাভ হয়নি। এলাকাবাসীও তক্কে-তক্কে ছিলেন। রাত বারোটায় স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। তারপর রাত আড়াইটে নাগাদ পুলিশ গিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দেন।
যুব মোর্চার জি এস-রামনগর ৪ মণ্ডল বিশ্বজিৎ বারিক বলেন, “সরকারের পরিবর্তন হয়ে গেছে। এরপরও তোলামুলীরা এখনও তোলা তুলে যাচ্ছে। তাই শুভেন্দুবাবুর কাছে অনুরোধ যারা এই বেআইনি নির্মাণ বানাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।”