
নন্দকুমার: ছেলের হাতে খুন মা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খঞ্চি গ্রামে। মৃত বৃদ্ধার নাম সন্ধ্যা হাজরা (৭০)। অভিযুক্ত ছেলে শঙ্কর হাজরাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনের বেশিরভাগ সময়ই মদ্যপ অবস্থায় থাকতো শঙ্কর। নেশার ঘোরে প্রায় প্রতিদিনই বৃদ্ধা মাকে মারধর করতো।
প্রতিবেশীরা একাধিকবার এ নিয়ে প্রতিবাদ করলেও লাভের লাভ কিছু হয়নি। পরিবারের অন্যান্য সদস্যরা পুলিশে খবর দেওয়ার কথা বললেও অন্ধ পুত্র স্নেহের কারণে তা বারবার এড়িয়ে গিয়েছেন সন্ধ্যা দেবী। কিন্তু শেষে যে তাঁর এই পরিণতি হবে তা ভাবতে পারেননি কেউ।
সূত্রের খবর, মঙ্গলবার আচমকাই শঙ্কর ও তার মায়ের মধ্যে তীব্র বচসা শুরু হয়। তারমাঝেই ঘটে যায় এই ঘটনা। দেওয়ালে লাগাতার মায়ের মাথা ঠুকে ঠুকে মেরে ফেলে ছেলে। চিৎকার-চেঁচামেঁচি শুনে প্রতিবেশীরা ছুটে এলে সন্ধ্যা দেবীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পাশেই পড়ে ছিল অভিযুক্ত। পরিবারের লোকজন ও গ্রামবাসীরা অভিযুক্ত শঙ্কর হাজরাকে আটকে রেখে পুলিশে খবর দেন। নন্দকুমার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিবারের সদস্যরা। সরব হয়েছে এলাকার লোকজনও। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন থেকেই এলাকায় ঝামেলা করতো শঙ্কর। কিন্তু পরিবার থেকে যদি আগে পুলিশে খবর দেওয়া হতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। এদিনই ধৃতকে তোলা হচ্ছে তমলুক আদালতে।