
কাঁথি: কাঁথিতে বিজেপি করার অপরাধে মারধর ব্যক্তিকে। ভাঙচুর করা হল দোকান। এমনকী, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর জেরে ছয়জন তৎকালীন পুলিশ অফিসার সহ এক উচ্চ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল কাঁথি থানায়।
জানা যাচ্ছে, গত মাসের ২৫ তারিখ কাঁথির এক বিজেপি কর্মী রঞ্জন দাস এই অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে কাঁথি থানা একটি মামলা রুজু হয়। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী ধারা-১৫৩(এ) ৩০৭,৩২৩,৩২৫,৩৪,৩৪১,৩৭৯,৪২৭,ও ৫০৬-এর মতো গুরুতর ধারা ও সামিল রয়েছে। অভিযুক্তের তালিকায় রয়েছেন- অমলেন্দু বিশ্বাস (প্রাক্তন আইসি), এসআই ,পার্থ প্রতিম মাইতি, এসআই এনামুর রহমান, পিএসআই সৌমেন মণ্ডল,পিএস আই, গৌরব মিত্র ও এমএম হাসান (অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার তৎকালীন)।
অভিযোগকারী রঞ্জন দাস (বিজেপি যুব মোর্চার সম্পাদক) তিনি বলেন, “আইনের প্রতি ভরসা রেখেই আইনের দ্বারস্থ হয়েছি। আশা করি বিচার পাব।” পুলিশ সূত্রে খবর, সমগ্র ঘটনার তদন্তের সুপারভিশন করছেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সুনয়ন বাসু ও আইসি মনোজ ঝা আর তদন্তকারী আধিকারিক বুদ্ধদেব মাল। ইতিমধ্যে ঘটনা নিয়ে প্রাক্তন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস ও তৎকালীন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএম হাসানকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।