Purulia Hospital: অনুমতি না নিয়েই পুজোর ছুটিতে হাসপাতালের MSVP, অধ্যক্ষা? এবার কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

Purulia Deben Mahato Hospital show cause: এরপরই নন মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে ডাকা হয়। কিন্তু ৬ জনের মধ্যে মাত্র একজন উপস্থিত ছিলেন। তাঁরা সবাই ছুটিতে চলে গিয়েছেন। কিন্তু ছুটিতে স্বাস্থ্য দফতরের অনুমতি ছিল না। সূত্রের খবর, এরপরই কড়া পদক্ষেপ করে স্বাস্থ্যদফতর।

Purulia Hospital:  অনুমতি না নিয়েই পুজোর ছুটিতে হাসপাতালের MSVP, অধ্যক্ষা? এবার কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
শারদ্বত মুখোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 23, 2026 | 10:11 AM

পুরুলিয়া: পুরুলিয়ায় দেবেন মাহাতো হাসপাতালের ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া অ্যাকশনে স্বাস্থ্য দফতর। আজ, শুক্রবার স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক। পুজোর ছুটি মঞ্জুর না হওয়া সত্ত্বেও কেন হাসপাতালে গরহাজির? দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের MSVP-সহ ৮ জনকে শোকজ করল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যের হাল ফেরাতে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলোকে নিয়ে বৈঠকে বসবে স্বাস্থ্য দফতর।

বৃহস্পতিবার প্রকাশ্যে আসে পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের বিপন্নতা। আর তা সামনে আনেন খোদ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সোমবার সাংসদ তাঁর এক পরিচিতের বাবার মৃত্যু হওয়ায় হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গিয়ে হাসপাতালের অবস্থা দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান তিনি। হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা, অপরিচ্ছন্ন অবস্থা। গোটা বিষয়টি তিনি স্বাস্থ্যমন্ত্রীকে জানান। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ সরকারকে বদনাম করার জন্যই এই ধরনের কাজ করছেন।

এরপরই নন মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে ডাকা হয়। কিন্তু ৬ জনের মধ্যে মাত্র একজন উপস্থিত ছিলেন। তাঁরা সবাই ছুটিতে চলে গিয়েছেন। কিন্তু ছুটিতে স্বাস্থ্য দফতরের অনুমতি ছিল না। সূত্রের খবর, এরপরই কড়া পদক্ষেপ করে স্বাস্থ্যদফতর। রাজ্যের সমস্ত স্বাস্থ্য দফতরের সুপারিনটেনডেন্ট, MSVP-সহ আধিকারিকদের থাকতে হবে। বেলা বারোটায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। যাঁরা এই বৈঠকে সশরীরে যোগ দিতে পারবেন না, তাঁরা ভিডিয়ো কলে থাকবেন বলেও নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “আমাদের জানা নেই, আমাদের অনুমতি ছাড়া ওই হাসপাতালের অধ্যক্ষা, MSVP, মেডিক্যাল সুপারের ৬ জনের মধ্যে ৫ জন ছুটিতে ছিলেন। কারণ জানা যায়নি। সাফাই কর্মচারী বা ওয়ার্ড বয় স্থরের লোক দেওয়া রয়েছে, সাফাই করার পর্যাপ্ত সরঞ্জাম দেওয়া রয়েছে। প্রত্যেককে শোকজ করা হয়েছে।’

Loading...
Unable to load recommendations.
Follow Us