
রায়গঞ্জ : রায়গঞ্জ। উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ শহর। আর ভোট রাজনীতিতেও একটি হাইভোল্টেজ কেন্দ্র। উত্তর দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা আসন রায়গঞ্জ। কেন্দ্রটি রায়গঞ্জ লোকসভার অন্তর্গত। ১৯৫১ সালে এই কেন্দ্রটি গঠিত হয়।
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র বহু বছর ধরে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত টানা পাঁচবার কংগ্রেস এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে। তার আগেও ১৯৫১ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত কংগ্রেসই এই বিধানসভা কেন্দ্রের ক্ষমতায় ছিল। মাঝে বারবার পালবাদল ঘটেছে। কখনও কংগ্রেস, কখনও বামেরা এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে। তবে, ২০১১ সালের রাজ্যজুড়ে পালাবদলের সময়ও এই কেন্দ্রে খাতা খুলতে পারেনি তৃণমূল। ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্রে ক্ষমতা বদল হয়। বিজেপির টিকিটে প্রতিদন্দ্বিতা করে জয়লাভ করে কৃষ্ণ কল্যাণী। তবে, পরে দল পরিবর্তন করে তিনি তৃণমূলে যোগ দিলে রায়গঞ্জের রাজনৈতিক সমীকরণ বদলে যায়। ২০২৪ সালের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবেই কৃষ্ণ কল্যাণী আবার এই কেন্দ্র থেকে জয়ী হন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আবারও প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। তৃণমূলের টিকিটে লড়াই করছেন। বিজেপি প্রার্থী করেছে কৌশিক চৌধুরীকে। এখন কৃষ্ণ কল্যাণীর হাত ধরে এই কেন্দ্রে ভোট বৈতরণী পার করতে মরিয়া তৃণমূল।