
বসিরহাট: বাংলাদেশিদের লম্বা লাইন। বসিরহাট মহকুমা শাসকের দফতরের বাইরে পড়েছে এই লাইন। এই লাইনে দাঁড়ানো বাংলাদেশিদের দাবি, তাঁরা এক সময় বাংলাদেশে অত্যাচারিত হয়ে ভারতে এসেছিলেন। এখন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আশাতেই মহকুমা শাসকের দফতরে ভিড় জমাচ্ছেন বাংলাদেশিরা।
আজ বসিরহাট মহকুমা শাসকের দফতরে দেখা গেল নাগরিকত্ব পাওয়ার জন্য বাংলাদেশিদের চোখে পড়ার মতো ভিড়। যারা এই নাগরিকত্ব পাওয়ার জন্য মহকুমা শাসকের দফতরে এসে ভিড় জমিয়েছেন, তাদের দাবি, ২০২৬ সালের ভোটের আগে এসআইআর (SIR)-এ কারোর নাম বাদ গিয়েছে। কারোর আবার নাম ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে। কারোর এখনও পর্যন্ত ভোটার লিস্টে নামই ওঠেনি।
এরা সকলেই কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সিএএ (CAA)-তে আবেদন করেছিলেন। সিএএ-এর শুনানিতেও ডাক পড়েছিল। সেই শুনানির জন্য নথিপত্র নিয়ে মহকুমা শাসকের দফতরে এসে হাজির হয়েছেন। এরা বাংলাদেশের কোথায় থাকতেন, তাদের পূর্ববর্তী রেকর্ড কী কী আছে, সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের নাগরিকত্ব চাইতে আসা এই বাংলাদেশি নাগরিকদের দাবি, তাঁরা বাংলাদেশে খুবই অত্যাচারিত হচ্ছিলেন। কোনও পরিবার ২০ বছর আগে, কোন পরিবার ২৫ বছর আগে, আবার কোনও পরিবার ৫ বছর আগে বাড়িঘর ছেড়ে, রাতের অন্ধকারে কাঁটাতার পার করে পালিয়ে ভারতে চলে এসেছিলেন নিজেদের প্রাণরক্ষা করার তাগিদে। কারোর আবার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাদের সকলেরই দাবি, ভারত সরকারের কাছে আবেদন করছেন যে তাদেরকে যেন ভারতের নাগরিকত্ব দেওয়া হোক।