
দক্ষিণ ২৪ পরগনা: ভোটে ‘শ্মশান করে দেওয়ার’ হুমকি! দ্বিতীয় দফার আগে তপ্ত ভাঙড়। কাঠগড়ায় আইএসএফ নেতা। ভোটের আবহে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ, আইএসএফ নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য অহিদুল ইসলাম চিলেতলা গ্রামে গিয়ে গ্রামবাসীদের প্রকাশ্যে হুমকি দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের সামনেই তিনি বলেন, “ভোটের প্রচারে বাধা বা পতাকা টাঙাতে বাধা পেলে গোটা গ্রাম শ্মশান করে দেওয়া হবে।”
এই হুমকির জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। চিলেতলা গ্রামের বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভুগছেন। ইতিমধ্যেই ওই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে পুলিশের সঙ্গে সেই নেতার তর্কাতর্কির মুহূর্তের ছবিও ধরা পড়েছে। যদিও সেই ফুটেজ যাচাই করে দেখেনি TV9 বাংলা।
ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানো হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ থানার পুলিশ।
তৃণমূল কর্মীর বক্তব্য, “আমরা আসলে তৃণমূল করি বহুদিন ধরে। ওরা গ্রামে বাড়ি বাড়ি পতাকা লাগাচ্ছিল। আমরা বলেছিলাম, তৃণমূল করি, আমার বাড়িতে পতাকা লাগিও না। গাছে লাগাতে বলেছিলাম। হঠাৎ অহিদুল এসে বলছে হিন্দু দল শ্মশান করে দেবো! বারবার ও জেলে গিয়েছে, একটা কুখ্যাত গুন্ডা।”
যদিও অহিদুলের বক্তব্য, “আমরা ব্যানার ফেস্টুন লাগাতে যাই। তৃণমূলের গুন্ডারা গালিগালাজ মারধর করতে থাকে। আমার ছেলেদের গালি দেওয়ার সময়ে, আমি সেখানে পৌঁছই। পুলিশকে বলি। আমরা এই কথা বলতে চাইও না, বলিও না। এখানে সম্প্রীতি রয়েছে। কিন্তু ওরা পায়ে পা লাগিয়ে অশান্তি করছে। আমি আসলে ওটা বলতে চাইনি। কিছু সমাজবিরোধীদের উদ্দেশে বলেছি।”