
বাসন্তী: ঘড়িতে তখন রাত ১টা পেরিয়ে গিয়েছে। অন্ধকার ভেদ করে এদিক-ওদিক ছুটে যাচ্ছে কয়েকটা বাইক। রাতের স্তব্ধ পরিবেশের মধ্যে দিয়ে বীভৎস শব্দ শুনেই ছুটে যায় পুলিশ। এক একটি বাইকে দুই থেকে তিনজন বসে। একটি বাইকের পিছনে বসে আছে এক নাবালিকা। এই দৃশ্য দেখেই কড়া শাসন করে পুলিশ।
রাত ১টার পর এলাকায় বেপরোয়া দাপাদাপি যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তা এদিন স্পষ্ট করে দিয়েছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালির ঘটনা। ৫ বাইক আরোহীকে বিশেষ দাওয়াই দিয়েছে পুলিশ।
বাসন্তী ব্লকের ঝড়খালি কোস্টাল থানা এলাকায় গভীর রাতে দুটি বাইকে করে এক কিশোরীকে নিয়ে ৫ যুবক দাপিয়ে বেড়াচ্ছিল। উচ্চগতিতে বাইক চালানোর পাশাপাশি গভীর রাতে ওই নাবালিকাকে নিয়ে ঘোরাঘুরি করায় বার্তা দেয় পুলিশ। বাইক থামিয়ে আরোহীদের নাম, বাবার নাম, ঠিকানা জিজ্ঞেস করার পর তাদের প্রশ্ন করে, পিছনে থাকা নাবালিকার বয়স কত। নাবালিকায় জানায়, তার বয়স ১৫। এরপর আরও কড়া বার্তা দেয় পুলিশ।
প্রথমে থানায় নিয়ে যাওয়ার কথা বলে পুলিশ। তাতেই বাইক আরোহীরা বলতে থাকে, ‘ভুল হয়ে গিয়েছে। আর হবে না। আর একদিন দেখতে পেলে তারপর ধরে নিয়ে যাবেন।’ পুলিশও জানিয়ে দেয় যে আগেও ধরা হয়েছিল, ছেড়েও দেওয়া হয়। তবে এবার আর কোনও ছাড় দেওয়া হয়নি।
পুলিশকে বারবার বলতে শোনা যায়, ‘কটা বাজে জানিস? রাত ১ টায় এরকমভাবে কেউ ঘোরে? মেয়ে নিয়ে তোরা এত রাতে রাস্তায় ঘুরছিস? তোদের কি রোজ রোজ বান্ধবী বদল করতে হয়?’ পাঁচ যুবককে হাতেনাতে আটক করে পুলিশ। তারপর শাস্তি হিসেবে মাঝরাস্তায় কান ধরে উঠবস করানো হয় অভিযুক্ত যুবকদের।