
ক্যানিং: হাসপাতালের খাবার মুখে দেওয়া যায় না, চারদিকে অপরিষ্কার পরিবেশ এবং চিকিৎসা পরিষেবায় চরম অব্যবস্থা— দীর্ঘদিন ধরে এমনই একের পর এক অভিযোগ উঠছিল ক্যানিং মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতে এবার কোনো আগাম খবর ছাড়াই আচমকা (সারপ্রাইজ ভিজিট) হাসপাতালে হানা দিলেন ক্যানিংয়ের মহকুমা শাসক আইএএস প্রণব মালিয়ে।
এদিন হাসপাতালে পৌঁছেই কোনও আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে সোজা রোগীদের ওয়ার্ড এবং রান্নাঘরের দিকে চলে যান মহকুমা শাসক। রোগীদের জন্য বরাদ্দ খাবারের মান খতিয়ে দেখতে তিনি নিজেই রান্নার কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ভাত দিন। খেয়ে দেখব।” এরপর রোগীদের জন্য তৈরি ভাত ও অন্যান্য খাবার চেয়ে নিয়ে নিজেই খেয়ে তার গুণগত মান পরখ করেন তিনি। খাবারের মান যাচাই করার পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও পরিবেশও ঘুরে দেখেন তিনি।
ওয়ার্ড এবং রান্নাঘর পরিদর্শনের পর মহকুমা শাসক সরাসরি চলে যান হাসপাতাল চত্বরে থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকানে (ফেয়ার প্রাইস মেডিসিন শপ)। সেখানে গিয়ে তিনি ওষুধের মজুত বা স্টক খতিয়ে দেখেন। সাধারণ রোগীরা ন্যায্য মূল্যে সঠিক ওষুধ এবং প্রয়োজনীয় পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কি না, তা দোকানের কর্মী ও উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলে নিশ্চিত করেন।
মহকুমা শাসকের এই আকস্মিক পরিদর্শনে হাসপাতাল চত্বরে রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রশাসনের এই তৎপরতায় খুশি হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিজনেরা।