
কুলতলি: গোয়ালঘরে হোটেলের রান্না! কুলতলিতে হানা দিয়ে হতবাক বিডিও, আইসি ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলায় খাদ্য সুরক্ষা দফতর অভিযান চালিয়েছে। কলকাতার একাধিক হোটেলের ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কুলতলিতে দেখা গেল আরও ভয়াবহ ছবি।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ভাতের হোটেলে গিয়ে দেখা যায় রান্না হচ্ছে গোয়াল ঘরে। অভিযানে গিয়ে এমন দৃশ্য দেখে চোখ কপালে ওঠে আধিকারিকদের। ঘটনাটি সুন্দরবন এলাকার কুলতলি ব্লকের প্রাণকেন্দ্র জামতলা বাজারের।
এদিন জামতলা বাজারে যৌথ প্রশাসনিক অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। সঙ্গে ছিলেন কুলতলির বিডিও এবং কুলতলি থানার আইসি। দিনভর বাজারের একাধিক মিষ্টির দোকান, রেস্তোরাঁ ও সবজি বাজারে তদারকি করেন আধিকারিকরা।
অভিযানে মা কমলা নামে একটি ভাতের হোটেলে হানা দিতেই হতবাক হয়ে যান আধিকারিকরা। দেখা যায়, গোয়ালঘরের ভিতরেই চলছে ভাত, তরকারি রান্না। চারিদিকে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ। খাবারের গুণমান নিয়েও ওঠে প্রশ্ন। এছাড়া বৈধ কাগজপত্র ও সরকারি লাইসেন্স না থাকায় এদিন ২ টি দোকান সিল করে দেয় প্রশাসন। সেই সঙ্গে দোকানে বিক্রির জন্য রাখা নিম্নমানের রসগোল্লা ফেলে দেওয়া হয়।