
ডায়মন্ড-হারবার: সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek banerjee) ‘সেবাশ্রয়’ মডেল বহু চর্চিত। এই সংসদীয় এলাকার মানুষজন বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়েছিলেন বেশ কিছু দিন ধরে। রাজ্যজুড়ে যা নিয়ে চর্চার অন্ত ছিল না। আর এবার ‘সেবাশ্রয়’ নামে কোটি-কোটি টাকার ওষুধ নয়ছয়ের অভিযোগ। ডায়মন্ড-হারবারে (Diamond Harbour) মাটির নীচ থেকে উদ্ধার কোটি টাকার ওষুধ। মাটি খুঁড়ে রাশি-রাশি সেই ওষুধ বের করেছেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, এই ওষুধগুলোই সেবাশ্রয়ে ব্যবহার করা হয়েছিল। তবে এত ওষুধ কীভাবে কোথা থেকে এল? এগুলো কি কালো টাকা সাদা করে এল? উঠছে প্রশ্ন।
কোথায় ঘটেছে? কী ঘটেছে?
বুধবার বিকেলে ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়াতে মাটি খুঁড়ে উদ্ধার হয় ওষুধগুলি। বিষয়টি জানতে পেরে গতকাল বিকেলে জেসিবি মেশিন দিয়ে মাটি খুঁড়ে কার্যত রাশি রাশি ওষুধ বের করে বিজেপির কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্বাস্থ্য দফতরের কর্মীরা। মগরাহাট পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে এই কালোবাজারির অভিযোগ। বিষয়টি বিজেপির পক্ষ থেকে ড্রাগ কন্ট্রোলের নজরে আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং জেলা স্বাস্থ্য দফতর।
বিজেপি নেতা উত্তম বাগ বলেন, “গোপন সূত্রে আমরা খবর পেয়েছি ওই জায়গায় কিছু ওষুধ আছে। এরপর পুলিশকে জানাই। প্রশাসন উপস্থিত হয়। তারপর যা দেখা গেল বড় ঘটনা। ভারতে এমন ঘটনা কেউ দেখতে পায়নি। দেখা গেল সেবাশ্রয়ের ব্যবহারের প্রচুর পরিমাণ ওষুধ। এখনও পর্যন্ত এই সব ওষুধের তারিখ এক দু’বছর বাকি রয়েছে। সাধারণ মানুষের ওষুধটুকু ছাড়ল না তৃণমূল।”