
ভাঙড়: দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর এলাকায় ফিরতেই জনরোষের মুখে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা অহিদুল ইসলাম। শনিবার রাতে ভাঙড় ২ ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত গ্রামবাসীরা ওই নেতাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বর্তমানে তিনি পুলিশি নিরাপত্তায় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সূত্রপাত ভোট ঘোষণার ঠিক পরেই। ভাঙড়ের বামুনিয়া এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। বোমা বাঁধার সময় বেশ কয়েকজন গুরুতরভাবে আহতও হন। পুলিশের হাত থেকে ঘটনার তদন্তভার যায় জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র হাতে। এই ঘটনায় ইতিমধ্যে এক অ্যাম্বুলেন্স চালক-সহ তিনজনকে গ্রেফতার করা হলেও, ঘটনার মূল অভিযুক্ত অহিদুল ইসলাম এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে অহিদুল ইসলাম একটি চারচাকা গাড়িতে করে চালতাবেড়িয়া এলাকায় ফিরছিলেন। তিনি এলাকায় ঢুকেছেন, এই খবর জানাজানি হতেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। চালতাবেড়িয়া মোড়ের কাছে তাঁর গাড়িটি আটকে দেওয়া হয়, তাঁকে গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজয়গঞ্জ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার হাত থেকে অহিদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চালতাবেড়িয়া ও সংলগ্ন এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা কথা বলছেন এলাকার লোকজনের সঙ্গে।