
বিষ্ণুপুর : তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল (TMC MLA Dilip Mondal) এখনও অধরা। দিন কয়েক আগেই তাঁর প্রাসাদ সমান বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। বাড়ির অন্দরসজ্জা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশেরই। বিধায়ককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এরই মধ্যে বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। অস্ত্রসহ তাঁকে গ্রেফতার করা হয়েছে। অর্ঘ্য ছাড়াও তাঁর আরও চার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে আড়াইটে নাগাদ লালবাটি এলাকায় রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের যৌথ অভিযানে অর্ঘ্যকে গ্রেফতার করা হয়। বেআইনি জমায়েত ও অস্ত্র রাখার অভিযোগে অর্ঘ্য-সহ ধৃত আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মিকী ও সন্দীপ সেন। ডায়মন্ড হারবার থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’টি পিস্তল ও ৬টি মোবাইল। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল, সেই বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতরা সকলেই পৈলান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গাড়িতে করে পালানোর ছক কষে ছিল ধৃতরা। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আজ দুপুরে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। তারপরই গত বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় পুলিশ। পৈলানে বিধায়কের দু’টি বাড়ি রয়েছে। দু’টি বাড়িতেই হানা দিয়েছিল পুলিশ। দিলীপ মণ্ডলের দু’টি বাড়ির সাজসজ্জা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশেরও। একটি বাড়িতে সুইমিং পুল, বড়, বাগান ও বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্রও দেখা গিয়েছে।