
রায়গঞ্জ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। তাঁর বিরুদ্ধে যত মামলা আছে, সেই সব ফাইল নতুন করে খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রায়গঞ্জে দাঁড়িয়ে সেই জেলার বিধায়কের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার কথা বললেন তিনি।
এদিন জেলায় হাসপাতাল, স্কুল সহ একাধিক প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। সিএএ সার্টিফিকেট দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বলেন, “সনাতনীদের জমি উদ্ধার করে দেব আমি।” যেখানে যত জমি দখল করা হয়েছে, সেগুলি উদ্ধার করার বার্তা দেন তিনি। সেই প্রশাসনিক সভার মঞ্চে দাঁড়িয়েই হামিদুলের বিরুদ্ধে বার্তা দেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, “এসপি শ্রীরামপুর, ডিআইজি, আইজিকে বলে গেলাম, চোপড়ার কুখ্যাত গুণ্ডা, মাফিয়া বিধায়কের বিরুদ্ধে যত মামলা আছে, সব রিওপেন করবেন। যত জমি লুঠ করেছে এরা, সব উদ্ধার করবেন।” পরের মিটিং চোপড়ায় করবেন বলেও জানিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি দেখতে চাই, কত বড় মস্তান আছে এই জেলায় আছে। ২১-এর নির্বাচনের পর যারা অত্যাচার করেছে, সবাই নতুন করে এফআইআর করবেন, সবগুলোকে জেলে ঢোকানোর কাজ করব।”
ভোটের পর যাঁরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছিলেন, তাঁদের মধ্য়ে অন্যতম হামিদুল। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানান, মমতা-শিবিরেই থাকছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর হামিদুল বলেন, “কী ফাইল খুলবে খুুলুক। উনি মুখ্যমন্ত্রী। উনি বলতেই পারেন। কে মাফিয়াগিরি করেছে, মানুষই জানে।”