
ঢাকা: ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তার আগেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। রাজধানী ঢাকায় গত কয়েক দিনে অন্তত ৫০টিরও বেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে। সব মিলিয়ে বাংলাদেশের (Bangladesh Unrest) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
‘ঢাকা ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ৮টি বাসে আগুন লাগানো হয়েছে। পাশাপাশি ৫০টিরও বেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আদাবর, শাহবাগ, খিলগাঁও, বিমানবন্দর এলাকা এবং মিরপুরের কালশিতে অন্তত ৮টি বোমা বিস্ফোরণ হয়।
সোমবার ফের বিস্ফোরণের ঘটনা ঘটে ঢাকায়। ঘটনাচক্রে, ওই দিনই হাসিনার নতুন পাসপোর্টের জন্য আবেদনের খবর সামনে আসে। ওই দিন রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) আদালতের সামনের রাস্তায় বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমাও উদ্ধার করা হয়। পরপর এই ধরনের বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে, বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ ছাত্র লিগের দু’জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছে ২৭ বছর বয়সি জাবির সালেহিন দীপু। উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলিগ হল আওয়ামি লিগের ছাত্র সংগঠন।
‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার-স্টুডেন্ট সেন্টার (TSC)-এর কাছেও একটি রাস্তায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারীকে থানায় আটক করে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এর আগে রবিবার ঢাকার মালিবাগে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)-এর সদর দফতরের সামনেও একটি বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে।
শুধু বোমা বিস্ফোরণ নয়, বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে রাজধানীতে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নীচে একটি বেসরকারি সংস্থার বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে থাকা বাসটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে এক বাস চালকের। আগুন লাগার জেরে সংলগ্ন মেট্রো স্টেশনেও প্রায় ৪০ মিনিট পরিষেবা বন্ধ রাখতে হয়।
ডিসেম্বর মাস যত এগিয়ে আসছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও তত জটিল হচ্ছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আওয়ামি লিগের সমর্থকরা রাজনৈতিকভাবে আরও সক্রিয় হয়ে উঠছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, সম্প্রতি, অশান্তির পিছনে আওয়ামি লিগের সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। যদিও সেই অভিযোগ অস্বীকার করে আওয়ামি লিগের তরফে দাবি করা হয়েছে, তাঁদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।