
ইসলামাবাদ: আবহাওয়া বুঝেই কি তবে তড়িঘড়ি পাকিস্তানের সঙ্গে বৈঠক করে নিল চিন? বৃহস্পতিবারের রুদ্ধদ্বার আলোচনার পর এমনই আশঙ্কা প্রকাশ ওয়াকিবহাল মহলের। এদিন পহেলগাঁও হামলা ও তার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া অশান্তির আবহ ঘিরেই পড়শি দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করলেন ইসলামাবাদে থাকা চিনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং।
ঠিক কী কী আলোচনা হয়েছে তাদের মধ্যে?
এই প্রসঙ্গে শুক্রবার একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে ইসলামাবাদে অবস্থিত চিনা হাই কমিশন। তাতে বলা হয়েছে, পাকিস্তানের অন্দরে নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ প্রসঙ্গে ভালই ধারণা রয়েছে চিনের। এমনকি, পাকিস্তান নিজেদের সার্বভৌমত্বকে রক্ষা করার যে প্রচেষ্টা চালাচ্ছে, তার প্রতিও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।
চিনা রাষ্ট্রদূতের সংযোজন, ‘পহেলগাঁও হামলার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং উভয় দেশকেই এবার একটু সংযমী হয়ে আঞ্চলিক নিরাপত্তাকে রক্ষা করতে হবে।’
পাক প্রশাসন তরফে জানা গিয়েছে, এই গোটা বৈঠকেই চিনের প্রতি আস্থা দেখিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শরিফ। প্রকাশিত প্রেস বিবৃতি অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় হওয়া নানা সংঘাত ও সংঘর্ষকে যেভাবে রুখে দিচ্ছে চিন, সেই প্রসঙ্গ তুলে ধরে লাল ফৌজ ও তার সরকারের প্রশংসা করেন শেহবাজ শরিফ।
এমনকি, দক্ষিণ এশিয়ায় ‘চিনের তৈরি শান্তি’ যাতে অব্যাহত থাকে, সেই বিষয়টিকে সুনিশ্চিত করতে ও স্থিতিশীলতা বজায় রাখতে অন্যান্য রাষ্ট্র প্রধানদের সঙ্গেও আলোচনায় বসার কথা জানিয়েছেন শরিফ।