
ঢাকা: ফের উত্তাল বাংলাদেশ। এবার ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হল ঢাকা। চাকরির জাতীয়করণের দাবিতে বিগত দুইদিন ধরেই বিক্ষোভ আন্দোলন করছিল আনসার সদস্যরা। রবিবার রাতে ঢাকার সচিবালয়ের কাছে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।
বাংলাদেশের প্যারামিলিটারির সহায়ক বাহিনী, আনসারের সদস্যরা চাকরির জাতীয়করণ ও স্থায়ী নিয়োগের দাবিতে রবিবার দুপুর থেকেই সচিবালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করছিল। ছাত্র নেতা তথা অন্তর্বর্তী সরকারের অন্যতম পরামর্শদাতা নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজন পড়ুয়াকে আটকে রাখা হয়েছে, এই খবর পেয়েই রাত ৯টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয়। তারা আনসার সদস্যদের সরানোর চেষ্টা করলেই হাতাহাতি বেঁধে যায়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়ে। তুমুল মারপিট, ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ ও সেনাবাহিনী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রসঙ্গত, গতকালই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তথা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র বিভাগের পরামর্শদাতা জাহাঙ্গির আলম চৌধুরী আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছিলেন। এরপর আন্দোলন তুলেও নেয় আনসার বাহিনী। কিন্তু পরিস্থিতি উত্তপ্তই ছিল। এরপরই রাতে সংঘর্ষ বাঁধে।
নাহিদ ইসলাম দাবি করেছেন, আনসার বাহিনী বড় ষড়যন্ত্রের অংশ। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন তিনি। অন্যদিকে, আনসার ও ভিলেজ ডিফেন্স ফোর্সের জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, যারা আন্দোলন জারি রেখেছিল, তারা আনসার বাহিনীর সদস্য নয়। বহিরাগতরা অন্য পোশাকে এসে অশান্তি শুরু করে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)