US-Iran: কাহানি মে টুইস্ট, রাতারাতি সুর বদল ট্রাম্পের! ইরানে কেন হামলা করবে না আমেরিকা?

Us-Iran War Update News: ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা ও বোমাবর্ষণ আপাতত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তেহরানের সর্বোচ্চ নেতৃত্ব যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৬০ দিনের আলোচনার প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে।

US-Iran: কাহানি মে টুইস্ট, রাতারাতি সুর বদল ট্রাম্পের! ইরানে কেন হামলা করবে না আমেরিকা?
ফাইল ছবি

Jun 12, 2026 | 8:14 AM

ওয়াশিংটন: আমেরিকা-ইরানের (Iran-America Conflict) যুদ্ধ নিয়ে নাটকীয়তার শেষ নেই। দুই দেশের যুদ্ধ কবে শেষ হবে, যখন সেই অপেক্ষায় বিশ্ব, ঠিক সেইসময় একটার পর একটা যেন নতুন করে নাটকের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। আর স্ক্রিপ্ট কে লিখছেন ট্রাম্প (Donald Trump) নাকি মোজ়তবা খামেনেই (Mojtaba Khamenei)? যদিও খামনেইয়ের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে বহুবার। সবটাই কেমন যেন একটা গোলমেলে ব্যাপার। কখনও ট্রাম্প বলছেন ইরানের (Iran) সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, এমনকী ‘বন্ধু’ ইজ়রায়েলকেও ইরানের উপর হামলার থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিচ্ছেন। আবার সেই ট্রাম্পই হঠাৎ রাতারাতি ইরান দখলের হুঁশিয়ারি দিচ্ছেন। গতকালই মার্কিন প্রেসিডেন্ট নতুন করে ইরানে মিলিটারি অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন। কিন্তু, আবার কয়েক ঘণ্টার মধ্যে সোজা ইউটার্ন নিলেন। ট্রাম্প জানালেন, ইরানের উপর তাঁরা হামলা করবে না। দাবি করেন, খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তিও সাক্ষরিত হবে। এদিকে, ইরান বলছে, এরকম চুক্তি নিয়ে কোনও আলোচনাই হয়নি ট্রাম্পের সঙ্গে।

কী বললেন ট্রাম্প?

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা ও বোমাবর্ষণ আপাতত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তেহরানের সর্বোচ্চ নেতৃত্ব যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৬০ দিনের আলোচনার প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ট্রাম্প জানান, তাঁর ধারণা অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেই এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তিনি আরও দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তি সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। তাঁর দাবি অনুযায়ী, আমেরিকা, ইজ়রায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরিন, কুয়েত, জর্ডন এবং মিশরও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে।

তবে, ট্রাম্প জানান, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবং ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রাখবে।

ইরানের প্রতিক্রিয়া

তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের দাবি এখনও স্বীকার করা হয়নি। ইরানের এক সংবাদসংস্থা সূত্রে খবর, আমেরিকার সঙ্গে কোনও প্রাথমিক সমঝোতার খসড়া এখনও অনুমোদন করেনি তেহরান। যদিও একটি সূত্রের দাবি, ভবিষ্যতে এই প্রস্তাবে অনুমোদন দেওয়ার সম্ভাবনা রয়েছে ইরানের। আবার ইরানের আরেক সংবাদসংস্থা ট্রাম্পের দাবিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, অতীতেও ট্রাম্প একাধিকবার এমন ঘোষণা করেছেন, কিন্তু সেগুলির বাস্তব ফল পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইরানের মধ্যে সংঘাত শুরু হয়েছে। এই সংঘর্ষে লিপ্ত রয়েছে ইজ়রায়েলও। আমেরিকা ও ইজ়রায়েল যৌথভাবে হামলা করেছিল ইরানের উপর। পাল্টা হামলা চালিয়েছে তেহরানও। তিন মাসের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে যুদ্ধা অব্যাহত রয়েছে। তবে মাঝে ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, তার মধ্যেই একে অপরকে লক্ষ্য করে হামলা-পাল্টা হামলা চালিয়েছে দুই দেশ। এখন শেষপর্যন্ত ট্রাম্পের দাবি অনুযায়ী, সমঝোতা চুক্তি সাক্ষরিত হয় কি না, নাকি আবারও নাটকের মতো টুইস্ট এনে ছবিটাই বদলে দেন, সেদিকেই নজর থাকবে সব মহলের।

Follow Us