White House Gunfire: হোয়াইট হাউসের কাছে এলোপাথাড়ি ‘গুলি’, মৃত ১, জারি হল লকডাউন

Washington DC Shooting: এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুলি চালানোর সময় তিনি জিমের ভিতরে ট্রেডমিলে ছিলেন। তাঁর চোখের সামনেই এক আহত ব্যক্তি বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসেন। ওই মহিলার কথায়, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল। আহত ব্যক্তি ঠিক কী অবস্থায় রয়েছেন, তা তিনি বুঝতে পারেননি। তবে তাঁর গুলি লেগেছিল বলে মনে হয়েছে। 

White House Gunfire: হোয়াইট হাউসের কাছে এলোপাথাড়ি গুলি, মৃত ১, জারি হল লকডাউন
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

Nov 12, 2026 | 11:46 PM

ওয়াশিংটন: হোয়াইট হাউসের (White House) কাছে বন্দুকবাজদের ‘হামলা’। চলল এলোপাথাড়ি গুলি। জানা গিয়েছে, হোয়াইট হাউস (White House Shot) থেকে সামান্য দূরত্বে লোগান সার্কেলে এই হামলার ঘটনা ঘটেছে। গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। নিরাপত্তার স্বার্থে আশপাশের স্কুলগুলিতেও জারি করা হয় লকডাউন।

এনবিসি নিউজ়-এর প্রতিবেদন অনুযায়ী, এক বন্দুকবাজ প্রথমে একটি জিমে ঢুকে পড়ে। অভিযোগ, সেখানে জিমের এক সদস্যের পিঠে গুলি চালিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যায় সে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপর রাস্তাতেও একাধিকবার গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে জিমের ভিতরে থাকা লোকজনকে দ্রুত বের করে দেওয়া হয়।

মৃত ১, আহত ৪

পুলিশ জানিয়েছে, ১৫ নম্বর স্ট্রিট এবং পি স্ট্রিট এন ডব্লিউ এলাকায় একাধিক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তবে, তাঁর নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনায় আহত হয়েছেন চারজন।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুলি চালানোর সময় তিনি জিমের ভিতরে ট্রেডমিলে ছিলেন। তাঁর চোখের সামনেই এক আহত ব্যক্তি বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসেন। ওই মহিলার কথায়, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল। আহত ব্যক্তি ঠিক কী অবস্থায় রয়েছেন, তা তিনি বুঝতে পারেননি। তবে তাঁর গুলি লেগেছিল বলে মনে হয়েছে।

গোটা এলাকা ঘিরে পুলিশের অভিযান

ওই প্রত্যক্ষদর্শী আরও জানিয়েছেন, এক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলার সময় ফের গুলির শব্দ শুনতে পান তিনি। এরপরই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়। ১৫ নম্বর স্ট্রিটের ১৫০০ ব্লক এবং তার আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে পুলিশ।

ঘটনাস্থলের কাছেই রয়েছে জিম, সেন্ট লুক এপিসকোপাল চার্চ এবং একাধিক আবাসন। পাশেই রয়েছে হোল ফুডস সুপারমার্কেট। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। আশপাশের স্কুলগুলিতেও লকডাউন জারি করা হয়। অভিযানের স্বার্থে বন্ধ করে দেওয়া হয় সংলগ্ন একাধিক রাস্তা।

এদিকে, মার্কিন ফেডারেল ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (ATF) জানিয়েছে, তদন্ত ও নিরাপত্তা অভিযানে সহায়তার জন্য ঘটনাস্থলে এজেন্ট পাঠানো হয়েছে। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us