Benjamin Netanyahu: হাতে আর ২৮ দিন, ইজরায়েলে সরকার গঠন করবে কে? নেতানিয়াহুকে সরাতে তোড়জোড় ইজেনকোটের

Israel Government Formation: ইজেনকোট জানিয়েছেন, সরকার গঠনের জন্য নেসেটের প্রতিটি রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন তিনি। তবে তাঁর জোটে যোগ দিতে হলে চারটি শর্ত মানতে হবে। সেগুলি হল, ইজরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ মেনে চলা, সকলের জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা চালু করা এবং হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের শক্তি ধ্বংস করার অঙ্গীকার করা।

Benjamin Netanyahu: হাতে আর ২৮ দিন, ইজরায়েলে সরকার গঠন করবে কে? নেতানিয়াহুকে সরাতে তোড়জোড় ইজেনকোটের
নেতানিয়াহু-ইজেনকোটImage Credit source: TV9 Bharatvarsh

Nov 09, 2026 | 6:47 AM

ইজরায়েল: হাতে আর ২৮ দিন। ইজরায়েলে সরকার গঠন করবে কে? সরকার গঠনের অনিশ্চয়তার আবহে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ইজরায়েলের প্রাক্তন সেনাপ্রধান গাদি ইজেনকোট। তাঁর কথায়, ইজরায়েলের ‘ঘনিষ্ঠ বন্ধু’ এবং সহযোগীদের সঙ্গে দেশের সম্পর্কের ক্ষেত্রে আস্থার সংকট তৈরি হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর সরকারকে দ্রুত সরিয়ে নতুন সরকার গঠনের ডাক দিয়েছেন তিনি।

রবিবার ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে নতুন সরকার গঠনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইজেনকোট। সেই উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমরা জরুরি পরিস্থিতির মধ্যে রয়েছি। ইজরায়েল রাষ্ট্র এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছে, যেখান থেকে আর ফিরে আসার পথ থাকবে না। আমাদের একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে হবে। এর জন্য প্রয়োজন সৃজনশীল এবং প্রচলিত ধারার বাইরে গিয়ে রাজনৈতিক পদক্ষেপ করতে হবে।”

জোট সরকার গঠনের জন্য ইজেনকোটের হাতে ২৮ দিন সময় রয়েছে। প্রয়োজনে আরও দু’সপ্তাহ সময় বাড়ানো হতে পারে।

সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১ আসন

গত মাসে ইজরায়েলে নির্বাচনে নেতানিয়াহু এবং ইজেনকোট-দু’জনের কেউই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাননি। এরপরই প্রথমে ইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট হারজগ। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সরকার গড়তে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ দেওয়া হতে পারে নেতানিয়াহুকে। দু’জনের কেউই সরকার গড়তে না পারলে ফের নির্বাচন হতে পারে ইজরায়েলে।

ইজেনকোটের দাবি, সে দেশের পার্লামেন্ট নেসেটের অধিকাংশ সদস্যের পাশাপাশি সাধারণ মানুষেরও নেতানিয়াহুর উপর আর আস্থা নেই। তিনি বলেন, “জনগণ নিজেদের রায় জানিয়ে দিয়েছে। এটাই মানুষের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে সম্মান জানানো এবং কার্যকর করার জন্য আমাদের যা যা করার প্রয়োজন, সব করতে হবে।”

ইজরায়েলের ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্টে সরকার গড়তে প্রয়োজন ৬১টি আসন। গত মাসের নির্বাচনে ইজেনকোটের দল ইয়াশার পেয়েছে ২১টি আসন। তাঁর বিরোধী জোটের মোট আসন সংখ্যা ৪৮। ফলে সরকার গড়তে আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন।

আরব দলগুলির সমর্থন কি মিলবে?

ইজেনকোট জানিয়েছেন, সরকার গঠনের জন্য নেসেটের প্রতিটি রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন তিনি। তবে তাঁর জোটে যোগ দিতে হলে চারটি শর্ত মানতে হবে। সেগুলি হল, ইজরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ মেনে চলা, সকলের জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা চালু করা এবং হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের শক্তি ধ্বংস করার অঙ্গীকার করা।

ইজেনকোটের সরকার গঠনের প্রচেষ্টায় প্রাথমিকভাবে সমর্থন জানিয়েছে দুটি গুরুত্বপূর্ণ আরব নেতৃত্বাধীন দল। রাম এবং জয়েন্ট লিস্ট। এই দুই দলের হাতে মোট ১৯টি আসন রয়েছে। ফলে সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলির সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ইজেনকোটের সম্ভাব্য জোটসঙ্গীদের মধ্যে কট্টরপন্থী প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান-সহ কয়েকজন আরব দলগুলির সঙ্গে জোটের বিরোধিতা করেছেন।

‘ইজরায়েলি গণতন্ত্র সবচেয়ে কঠিন সময়ের মধ্যে’

ইজেনকোটের দাবি, নেতৃত্বের পরিবর্তন হলে ইজরায়েলি সমাজকে ফের নিরাপদ পরিস্থিতিতে ফিরিয়ে আনা সম্ভব। তাঁর কথায়, নতুন নেতৃত্ব দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পারে। তিনি বলেন, “ইজরায়েলি গণতন্ত্র বর্তমানে তার সবচেয়ে দুর্বল মুহূর্তগুলির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যদি বর্তমান পথেই চলতে থাকি, তাহলে অন্ধকারের দিকে এগিয়ে যাওয়ার এবং এমন এক পরিস্থিতিতে পৌঁছনোর ঝুঁকি রয়েছে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না।”

Loading...
Unable to load recommendations.
Follow Us