
মক্কা: হুথিদের হামলার আশঙ্কা। সৌদি আরবের পশ্চিম উপকূলের একাধিক শহরে সতর্কতা জারি করল সৌদি সিভিল ডিফেন্স। মঙ্গলবার মক্কা ছাড়াও জেদ্দা ও তাইফ গভর্নরেটেও জারি করা হয় এই সতর্কতা। যদিও কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয়। ইতিহাসে এই প্রথম মক্কায় আকাশপথে হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হল। সম্প্রতি ইরান-সমর্থিত হুথিদের ধারাবাহিক হামলার পরই এই নজিরবিহীন সতর্কতা জারি করা হয়।
ইজরায়েলি সংবাদপত্র ‘হায়োম’-র প্রতিবেদন অনুযায়ী, মদিনার প্রিন্স মহম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের (MED) উদ্দেশে যাওয়া বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং সৌদি বাহিনী ইয়েমেনের তাইজ শহরের কাছে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এর একদিন আগেই ইয়েমেন থেকে সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। তাতে ১৩ জন আহত হন।
সৌদি সিভিল ডিফেন্সের ডিরেক্টরেট এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানিয়েছে, মক্কা শহরে বিপদের পরিস্থিতি কেটে গিয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সিভিল ডিফেন্সের নির্দেশিকা মেনে চলতে এবং জমায়েত ও ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে ৯১১ নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে সৌদি আরবের ছয়টি অঞ্চলেও অল্প সময়ের জন্য এয়ার রেইড অ্যালার্ট জারি করেছিল সিভিল ডিফেন্স।
মক্কাকে নিশানা করার দাবি খারিজ হুথিদের-
সৌদি নেতৃত্বাধীন জোটের তরফে মক্কার দিকে আসা হুথিদের একটি ড্রোন গুলি করে নামানোর দাবি খারিজ করেছে হুথি নেতৃত্ব। হুথিদের পলিটব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ এক্স হ্যান্ডলে দাবি করেন, মক্কাকে নিশানা করার অভিযোগ ‘পুরনো মিথ্যা’ এবং এই ধরনের দাবি দিয়ে আর কাউকে বিভ্রান্ত করা যাবে না।
সৌদি-হুথি সংঘাত-
চলতি সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। তাদের হামলায় তেল উৎপাদন কেন্দ্রগুলিতে আগুন ধরে যায় এবং ৭৩ জন আহত হন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সোমবার পশ্চিম ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের আট সেনা নিহত হয়েছেন বলে সামরিক সূত্রের দাবি। একইসঙ্গে হুথিরা দাবি করেছে, দক্ষিণ সৌদির খামিস মুশাইত এলাকায় কিং খালিদ বিমানঘাঁটি লক্ষ্য করে ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় হামলা চালানো হয়েছে।
জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ ফের তীব্র হওয়ার পর থেকেই হুথিদের সঙ্গে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সংঘর্ষ বাড়ছে। রিয়াদের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করার পর লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট জাহাজগুলিকেও নিশানা করছে হুথিরা। হুথি পলিটব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরব ‘ইয়েমেনের মানুষের বিরুদ্ধে আগ্রাসন’ চালিয়ে গেলে ইয়েমেনের পাল্টা জবাব আরও বাড়বে। এই আবহে মক্কায় আকাশপথে হামলার সতর্কতা প্রথমবার জারি করা হল।