মাথায় দেড় কোটি ডলারের পুরস্কার, কুখ্যাত ‘ড্রাগ লর্ড’কে নিকেশ করতেই জ্বলে উঠল মেক্সিকো

Mexico Drug Lord: এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা শহরে আগুন জ্বলতে থাকে। তাঁর কার্টেলের সদস্যরা বন্দুক নিয়ে রাস্তায় নামে। পশ্চিম জালিস্কো শহরের কমপক্ষে ২০টিরও বেশি রাস্তা অবরোধ করে তারা। জ্বালিয়ে দেওয়া হয় রাস্তায় থাকা গাড়ি-ট্রাক।

মাথায় দেড় কোটি ডলারের পুরস্কার, কুখ্যাত ড্রাগ লর্ডকে নিকেশ করতেই জ্বলে উঠল মেক্সিকো
মেক্সিকোর ড্রাগ লর্ড নিকেশ।Image Credit source: X

|

Feb 23, 2026 | 10:49 AM

মেক্সিকো সিটি: জ্বলছে মেক্সিকো। সে দেশের তথা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী এল মেনচো নিহত। মেক্সিকোর সেনা দেশ জুড়ে মাদক বিরোধী অভিযান চালাচ্ছিল। সেখানেই সেনার সঙ্গে সংঘর্ষে আহত হন ড্রাগ কার্টেলের শীর্ষ নেতা এল মেনচো। গুলির আঘাতেই মৃত্যু হয় তাঁর।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জালিস্কো শহরে সামরিক অভিযানের সময় আহত হন এল মেনচো। তিনি জালিস্কো নিউ জেনেরেশন কার্টেলের নেতা ছিলেন। তাঁর মাথার উপরে ১৫ মিলিয়ন ডলারের পুরস্কার ছিল। আমেরিকা এই গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছিল। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন এল মেনচো। তাঁকে যখন আকাশপথে নিয়ে আসা হচ্ছিল মেক্সিকো সিটিতে, তখনই তাঁর মৃত্যু হয়।

এদিকে, এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা শহরে আগুন জ্বলতে থাকে। তাঁর কার্টেলের সদস্যরা বন্দুক নিয়ে রাস্তায় নামে। পশ্চিম জালিস্কো শহরের কমপক্ষে ২০টিরও বেশি রাস্তা অবরোধ করে তারা। জ্বালিয়ে দেওয়া হয় রাস্তায় থাকা গাড়ি-ট্রাক। এরপরে আশেপাশের রাজ্যগুলিতেও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। বিমানবন্দরে ঢুকেও তাণ্ডব চালানো হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম নাগরিকদের শান্ত থাকতে আবেদন করেছেন। কেন্দ্রীয় সরকার রাজ্য় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে শান্তি ফেরাতে।

জানা গিয়েছে, মেক্সিকোর সেনাবাহিনী অভিযান চালালেও, তাদের বিভিন্ন তথ্য দিয়ে মদত দিয়েছে মার্কিন প্রশাসন।  অভিযানে এল মেনচো ছাড়াও ড্রাগ  কার্টেলের আরও ছয়জনকে নিকেশ করেছে সেনা। গ্রেফতার করা হয়েছে দুইজনকে। তাদের কাছ থেকে রকেট লঞ্চার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজন সেনা জওয়ান আহত হয়েছেন সংঘর্ষে।