Nepal Flash Flood: নেপালে ভয়াবহ হড়পা বান, ভেসে গেল গ্রাম, মৃত কমপক্ষে ৮

Nepal flood rescue operation: নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণকাজের জন্য দল পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীকেও উদ্ধারকাজে নামানো হয়েছে। তিনি বলেন, নদীর নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Nepal Flash Flood: নেপালে ভয়াবহ হড়পা বান, ভেসে গেল গ্রাম, মৃত কমপক্ষে ৮
নেপালে ভয়াবহ হড়পা বানImage Credit source: Social Media

Aug 26, 2026 | 3:05 PM

কাঠমান্ডু: তিব্বত সীমান্তবর্তী নেপালের একটি অঞ্চলে ভয়াবহ হড়পা বানে একাধিক গ্রাম ও নির্মীয়মাণ পরিকাঠামো ভেসে গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ ৯ জন। নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। উদ্ধারকাজে হেলিকপ্টার নামানো হয়েছে।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, পার্বত্য জেলা রাসুয়ার স্যাপ্রু বেসি এবং টিমুরে এলাকা হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোতে কোশী নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসক নরেন্দ্র পারিয়ার জানিয়েছেন, গ্রাম এবং বিভিন্ন পরিকাঠামো নির্মাণের প্রকল্প এলাকা ভেসে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির নির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। তিনি বলেন, “অনেকের প্রাণহানি বা সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

কী বলছেন নেপালের প্রধানমন্ত্রী?

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণকাজের জন্য দল পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীকেও উদ্ধারকাজে নামানো হয়েছে। তিনি বলেন, নদীর নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের তরফে নদীর তীরবর্তী বাসিন্দাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন এবং পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ভোতে কোশী নদীর উৎপত্তি তিব্বতে। এরপর নদীটি নেপালে প্রবেশ করে ত্রিশূলী নদীর সঙ্গে মিশেছে। পরে এই নদী ভারতের দিকে প্রবাহিত হয়ে গঙ্গার অন্যতম উপনদী গণ্ডক নদীর সঙ্গে যুক্ত হয়েছে। গত বছরও ভোতে কোশী নদীতে ভয়াবহ বন্যায় নয় জনের মৃত্যু হয়েছিল এবং ২৪ জন নিখোঁজ হয়েছিলেন। ওই বন্যায় নেপাল ও চিনের মধ্যে সংযোগকারী ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ ভেসে যায়। এর ফলে কয়েক মাস ধরে ওই অঞ্চলে পরিবহণ ও বাণিজ্য ব্যাহত হয়েছিল। গত বছর ওই বন্যার সূত্রপাত হয়েছিল তিব্বতের একটি হিমবাহের উপরিভাগে তৈরি হ্রদ থেকে জল বেরিয়ে আসার কারণে।

Loading...
Unable to load recommendations.
Follow Us