
তেল আভিভ : ইজ়রায়েলের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘স্পিকার অব দ্য নেসেট’ মেডেল-এ ভূষিত করা হয়েছে তাঁকে। মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি ইজরায়েলের পার্লামেন্টের এই সর্বোচ্চ সম্মান পেয়েছেন। শুধু তাই নয়, তিনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা শেষ করেন, সেইসময় গোটা নেসেট করতালিতে ফেটে পড়েছিল। শুধু ইজরায়েল নয়, এর আগেও দেশ-বিদেশ থেকে মোদীর ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। আর ইজরায়েলের এই সর্বোচ্চ সম্মান আরও একবার প্রমাণ করল আন্তর্জাতিক মঞ্চে মোদীর গ্রহণযোগ্যতা কতখানি।
ইজরায়েলের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বক্তৃতা রাখছিলেন, সেইসময় ইজ়রায়েল সরকারের বিরোধী দল তাঁকে বয়কট করেনি। সংসদে থাকার সিদ্ধান্ত নেয় বিরোধী দলগুলি। আর যখন প্রধানমন্ত্রী ‘আম ইরায়েল চাই’ (ইজরায়েলের জনগণ বেঁচে থাকুক) দিয়ে তাঁর বক্তৃতা শেষ করেন, তখন পুরো নেসেট করতালিতে ফেটে পড়ে। উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানায়। একইসঙ্গে ‘নেসেট পদক’ প্রাপ্ত প্রথম বিশ্বনেতা হয়ে ইতিহাস সৃষ্টি করেন। ইজরায়েলের পার্লামেন্টের স্পিকার আমির ওহানা প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। মূলত, ভারত-ইজরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক দৃঢ় করতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রী মোদী মার্কিন রাষ্ট্রপতির সমতুল্য
ইজ়রায়েলের ঐতিহ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বিমানবন্দরে কেবল মার্কিন রাষ্ট্রপতি বা পোপকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একাধিকবার এই প্রোটোকল ভঙ্গ করে তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এমনকী, মোদীকে স্বাগত জানাতে নেতানিয়াহুর সঙ্গে তাঁর স্ত্রীও উপস্থিত ছিলেন।
নেসেট আলোকিত ভারতীয় ত্রি-বর্ণে
প্রধানমন্ত্রী মোদীর ভাষণ উপলক্ষে নেসেট ভবনটি ভারতীয় জাতীয় পতাকার রঙে আলোকিত করা হয়েছিল। এই প্রথমবার ইজ়রায়েলের সংসদ ভবনটি অন্য কোনও দেশের জাতীয় পতাকার রঙে রাঙিয়ে তোলা হয়েছিল। যা, দুটি দেশের মধ্যে বিশেষ বন্ধনের গুরুত্বকে তুলে ধরে।
আরও একটা বিষয় এখানে উল্লেখের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিশ্বনেতা, যিনি ইজ়রায়েল ও প্যালেস্তাইন উভয় দেশের কাছ থেকেই সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছেন। ২০১৮ সালে তাঁকে ‘গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্তাইন’ সম্মানে ভূষিত করা হয়। এটাই প্যালেস্টাইনের সর্বোচ্চ সম্মান।
ইজ়রায়েলের পার্লামেন্টের ভিতরে এক অসাধারণ দৃশ্যও লক্ষ্য করা গিয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তৃতা শেষ করার সঙ্গে গোটা নেসেট জুড়ে “মোদী, মোদী” স্লোগান প্রতিধ্বনিত হয়েছিল।
‘MODI’-র নামে ফুল
২০১৭ সালে ইজ়রায়েল সফরের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে সেখানে একটি ফুলের নামকরণ করা হয়েছিল “MODI”। নামকরণ অনুষ্ঠানটি ড্যানজিগার ফুলের খামারে অনুষ্ঠিত হয়েছিল। ইজ়রায়েল সফরের সময় কোনও বিদেশি নেতার নামে ফুলের নামকরণ বিরল ঘটনা বলে দাবি করা হয়েছে।