Donald Trump-New Bill: ১০০ শতাংশ ট্যারিফের পথ প্রশস্ত করলেন ট্রাম্প, ঝুঁকি বাড়ছে ভারতের

Russia Sanction Bill: নতুন বিল পাশ হওয়ার পরই যে আমেরিকা ভারতের উপর ১০০ শতাংশ ট্যারিফ চাপাবে তা নয়, তবে ১০টি দেশের নাম সেখানে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ভারত অন্যতম। এখন ট্রাম্প তাঁর ক্ষমতা প্রয়োগ করতে চাইলে ভারতে উপরেও চাপবে শুল্ক।

Donald Trump-New Bill: ১০০ শতাংশ ট্যারিফের পথ প্রশস্ত করলেন ট্রাম্প, ঝুঁকি বাড়ছে ভারতের
Image Credit source: PTI

Sep 19, 2026 | 8:05 AM

ওয়াশিংটন: রাশিয়া ও ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আইনসভায় বিল পাশ হয়েছিল আগেই। এবার সেই বিলে সই করলেন তিনি। এই বিল পাশ হওয়ার পর ১০০ শতাংশ ট্যারিফ চাপানোর ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। বিশেষজ্ঞরা মনে করছেন, ‘Lindsey O Graham Sanctioning Russia and Iran Act of 2026’ নামক এই বিল পাশ হওয়ায় বিপদ বাড়তে পারে ভারত ও চিনের।

নতুন বিল পাশ হওয়ার পরই যে আমেরিকা ভারতের উপর ১০০ শতাংশ ট্যারিফ চাপাবে তা নয়, তবে ১০টি দেশের নাম সেখানে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ভারত অন্যতম। এখন ট্রাম্প তাঁর ক্ষমতা প্রয়োগ করতে চাইলে ভারতে উপরেও চাপবে শুল্ক।

কী আছে এই নতুন বিলে

রাশিয়া থেকে তেল কিনলে সংশ্লিষ্ট দেশের উপর ১০০ শতাংশ ট্যারিফ চাপিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বিলে। রাশিয়া থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল বা গ্যাস আমদানি করে এমন শীর্ষ পাঁচটি দেশ থেকে পণ্য আমদানির উপর ট্রাম্পকে ৩০ দিনের মধ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া, এই আইনটি কার্যকর হওয়ার পর যে সব দেশ নতুন করে রাশিয়া থেকে তেল বা গ্যাস কিনবে, তারাও এই শুল্কের আওতায় পড়বে। রাশিয়া থেকে আসা পণ্যের উপর ৫০০ শতাংশ ট্যারিফ চাপানো হবে।

তবে শীর্ষ পাঁচটি দেশের কথা বলা হলেও, কোন কোন দেশ, তার উল্লেখ নেই বিলে। তবে ভারতের ক্ষেত্রে যে ঝুঁকি থাকছে, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত থেকে আমেরিকায় যাওয়া পণ্যের উপর ট্যারিফ বাড়তে পারে।  এছাড়া এই বিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ আধিকারিকদের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কী বলছে ভারত

ভারতের তরফে সতর্ক করা হয়েছে, নতুন ট্যারিফ চাপানো হলে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়তে পারে। আমেরিকায় এই বিল পাশ হওয়ার পরই ভারত জানিয়ে দিয়েছে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ভারতের তরফে। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ১৪০০ কোটি ভারতবাসীর স্বার্থরক্ষায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে ভারত।

Loading...
Unable to load recommendations.
Follow Us