
কাবুল: একঝুড়ি আপেল আর এক হাঁড়ি কাবাব। সঙ্গে সুস্বাদু বেদনা। গত ১২ নভেম্বর আফগানিস্তানে ফিরে এল আপেল, কাবার আর বেদানার গল্পটা। দ্বিতীয় তালিবান জমানায় সবচেয়ে বড় দ্বিপাক্ষিক চুক্তি করল আফগান তালিবানরা। রাশিয়ার সঙ্গে একশো তিন মিলিয়ন ডলারের চুক্তির পর ফিরে এল কাবাব, আপেল আর বেদনার গল্পটা।
১৯৮০ সাল। কাবুলে আফগান নাগরিকদের সঙ্গে নিয়মিত রাস্তা সাফাইয়ে হাত লাগাত রুশ সেনা। অন্তত মাসে একবার রুশ সেনা কাবুলের রাস্তা সাফ করে দিত। উপহার হিসাবে স্থানীয় আফগানরা তাদের দিতেন আপেল আর কাবাব। আফগানিস্তানে ক্ষমতায় তখন সোভিয়েতের মদতপুষ্ট শাসক। আর তাই কাবুল থেকে হেরাট, সর্বত্র ছিল রুশ সেনার দাপাদাপি। কিছুদিন আগে ফের আফগানিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে পুতিনের রাশিয়া। এবার সেখান থেকে আরও লম্বা লাফ। রাশিয়ার সঙ্গে ১৫ বছরের বাণিজ্য চুক্তি করল তালিবান। রাশিয়া থেকে আফগান ভূমে আসবে আটা, তেল, রান্নার গ্যাস, যন্ত্রপাতি। আর আফগানিস্তান থেকে ওদেশে যাবে সুস্বাদু বেদানা, আপেল, শুকনো ফল, পশম আর মশলাপাতি।
সেই চুক্তির ছবি প্রকাশ্যে এসেছে। কিন্তু, খুঁটিনাটি এখনও অজানা। তবে একটা বিষয় নিশ্চিত। এতদিন যা, যা আফগানরা পাকিস্তান থেকে আমদানি করত, সেটাই এখন রাশিয়া থেকে আসবে। এককথায় বলতে গেলে রুশ-তালিবান সম্পর্কে অফিসিয়াল সিলমোহর। তালিবানের হিল্লে হয়ে গেল। এক বছর আগে বিশ্বের প্রথম দেশ হিসাবে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া।
মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার পর ২০২১ সালে তালিবান দ্বিতীয়বার কাবুলের ক্ষমতা দখল করে। তারপর গত পাঁচ বছরে ভারত-সহ বিশ্বের অনেক দেশের সঙ্গে তালিবান সরকারের যোগাযোগ তৈরি হয়েছে। এর মধ্যে অফিসিয়ালি পুতিনই শুধু তাদের আফগানিস্তানের বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। এইবার দুই দেশ আরও কিছুটা এগোয়। তালিবানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হয়। সবচেয়ে উল্লেখযোগ্য, চুক্তির সিক্রেট প্রোটোকল। সিক্রেট প্রোটোকল বললেই সেই বিখ্যাত রিবেনট্রপ- মলোটভ চুক্তির কথা মনে পড়ে। হিটলারের সঙ্গে স্তালিনের বন্ধুত্বের চুক্তি। নিউ ইয়র্ক টাইমস এবং রুশ সংবাদসংস্থার প্রতিবেদনে দাবি, এভাবেই ইতিহাসের চাকা ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ও আফগানিস্তান।
তবে রুশ- জার্মান চুক্তির পরিণতি এখানে হবে না। দু-দেশের চুক্তিতে ঠিক হয়েছে, আফগান ভূমে রুশ সেনাঘাঁটি তৈরি হবে। তালিব সেনাদের প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করবে মস্কো। ইতিহাসের বৃত্ত বোধহয় এমনভাবেই সম্পন্ন হয়। ১৯৭৯-১৯৮৯ চলেছিল সোভিয়েত-আফগান যুদ্ধ। ১০ বছর পর রণে ভঙ্গ দিয়ে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় সোভিয়েত সেনা। সেই দিন, সোভিয়েতের বিরুদ্ধে লড়াইয়ে আফগান মুজাহিদদের সাহায্য করেছিল আমেরিকা। হলিউডি সিনেমার পর্দায় আফগানিস্তানে লড়তে চলে গিয়েছিল র্যাম্বো।
আজকের তালিবান সেই আফগান মুজাহিদদেরই উত্তরাধিকারী। আজ যখন মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে চলে গেল, তখন সেখানে এন্ট্রি নিচ্ছে রাশিয়া। একদিন যে মুজাহিদদের সঙ্গে তারা লড়াই করেছিল, আজ তাদের সঙ্গেই বন্ধুত্বের উষ্ণতা। কূটনীতিকরা বলছেন, আফগানিস্তানের বাগরাম এয়ারবেসে আবার মার্কিন সেনা পাঠাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিন তাতে জল ঢেলে দিলেন। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ লেগেই আছে। ডুরান্ড লাইনে গন্ডগোল বা যুদ্ধ হচ্ছে না, এমন সাতটা দিনও যাচ্ছে না। রাশিয়া ডুরান্ড লাইনকে এভাবে ফেলে রাখতে রাজি নয়। কারণ, ওখানে পাকিস্তানের দাপাদাপি মানে আমেরিকার হাত শক্ত হওয়া। আর ডুরান্ড লাইন শুধু আফগান-পাকিস্তানের বিষয় নয়। এর মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের একাধিক দেশের সঙ্গে যোগাযোগ রাখা যায়।
তাই এবার খুব সম্ভবত দেখা যাবে যে কাবুলে ঘুরছে রুশ সেনা। তালিবানকে ট্রেনিং দেওয়ার নাম করে আফগানিস্তানে রুশ সেনাকে ঢুকতে দেখলে মোটে অবাক হবেন না। আর আফগানিস্তানের সঙ্গে ইরানের প্রায় ৯০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে কাবুল হয়ে তেহরানে পৌঁছনোর রাস্তাটাও খুলে রাখলেন পুতিন। কূটনীতিবিদরা সাফ বলছেন, রাতারাতি দুই শক্র বন্ধু হয়নি। অনেকদিন, বলতে গেলে অনেকগুলো বছর ধরে এই প্রক্রিয়া চলেছে। এসব ঘটনায় ভারতের কী এল গেল? কূটনীতিতে কেউ কারোর বন্ধু- শক্র নয়। এটা মাথায় রেখেও বলতে হবে, এই চুক্তিতে ভারতের খুব একটা অসুবিধা নেই। বিশেষত এই আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভালো। এর সঙ্গে রাশিয়ার যুক্ত হওয়াটা কৌশলগতভাবে ভারতকে সুবিধা দিতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা।