
নিউইয়র্ক : গুগলের সিইও সুন্দর পিচাইয়ের বেতন কত জানেন? কোটি টাকা তো অবশ্যই। কিন্তু কত কোটি? আন্দাজ করতে পারছেন? অবশ্য অঙ্কটা বোধহয় আপনাদের ধারণার বাইরে। আগামী তিন বছরে পিচাইয়ের বেতন বেড়ে যে পরিমাণ হতে চলেছে, তা শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে। অনুমান করা হচ্ছে, যে হারে তাঁর বেতন বৃদ্ধি পাচ্ছে, খুব শীঘ্রই বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও-র অন্যতম হয়ে উঠবেন সুন্দর পিচাই।
ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, অ্যালফাবেটের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান গুগল আগামী তিন বছরে সিইও সুন্দর পিচাইয়ের মোট সম্ভাব্য বেতন ৬৩৬১ কোটি ৮৯ লক্ষ ৮২ হাজার পর্যন্ত বাড়াতে চলেছে। যা তাঁকে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইওদের মধ্যে অন্যতম করে তুলবে। তাঁর বেতনের প্যাকেজের বেশিরভাগ অংশ আসে পারফরম্যান্স স্টক ইউনিট (PSU) থেকে। যার মূল্য ১২৬ মিলিয়ন ডলার। ভারতীয় টাকায় ১১৫৮ কোটি ৩৬ লক্ষ ২১ হাজার। যা মূলত সমানভাবে দুটি কিস্তিতে দেওয়া হয়।
এই PSU অর্থাৎ পারফরম্যান্স স্টক ইউনিট গুলো অ্যালফাবেটের মোট শেয়ারহোল্ডার রিটার্নের সঙ্গে যুক্ত। অর্থাৎ, S&P ১০০ এর অন্যান্য স্টকের তুলনায় অ্যালফাবেটের মোট শেয়ারহোল্ডার রিটার্নের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। যদি পারফরম্যান্স ভাল হয়, সাফল্য আসে, তাহলে তা দ্বিগুণ হয়ে ২৫২ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। আর যদি লক্ষ্যমাত্রা পূরণ না হয়, তবে এর মূল্য শূন্যও হতে পারে। এছাড়া রিপোর্টে বলা হয়েছে সুন্দর পিচাই তিন বছর ধরে প্রতি মাসে ৮৪ মিলিয়ন ডলার রেস্ট্রিকটেড স্টক পাবেন। পাশাপাশি বার্ষিক ২ মিলিয়ন ডলার বেতনও পাবেন।
২০১৫ সালের অগস্টে সিইও হওয়ার পর থেকে সুন্দর পিচাইয়ের নেতৃত্বে গুগলের বাজারমূল্য প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে। ৫৩৫ বিলিয়ন ডলার থেকে ৩.৬ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বেড়েছে বাজারমূল্য। যা জানুয়ারিতে সাময়িকভাবে ৪ ট্রিলিয়ন ডলারেও পৌঁছেছিল। ২০০৪ সালে গুগলে যোগ দিয়েছিলেন পিচাই। তিনি গুগল ক্রোম তৈরি করার কাজে নেতৃত্ব দেন। পরে অ্যান্ড্রয়েড নিয়েও কাজ করেন, নেতৃত্ব দেন। এরপর ধীরে ধীরে শীর্ষ পদে পৌঁছন।