Elon Musk: লন্ডনের মেট্রো স্টেশনে বাংলায় সাইনবোর্ড কি থাকবে? ব্রিটেনের সাংসদের দাবিতে মুখ খুললেন মাস্কও

Elon Musk: ২০২২ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় সাইনবোর্ড রাখার সিদ্ধান্ত নেয়। সেইসময় এই নিয়ে এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, "এটা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের জয়।"

Elon Musk: লন্ডনের মেট্রো স্টেশনে বাংলায় সাইনবোর্ড কি থাকবে? ব্রিটেনের সাংসদের দাবিতে মুখ খুললেন মাস্কও
হোয়াইটচ্যাপেল স্টেশন থেকে বাংলায় সাইনবোর্ড তুলে দেওয়ার দাবি নিয়ে মুখ খুলেছেন মাস্ক

Feb 10, 2025 | 10:33 AM

লন্ডন: লন্ডনের এই মেট্রো স্টেশনে গেলে আপনার নজর টানবে এখানকার সাইনবোর্ড। ইংরেজির পাশাপাশি সাইনবোর্ডে বাংলায় লেখা রয়েছে স্টেশনের নাম। এটা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের জয় বলে বছর তিনেক আগে টুইট করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের সেই হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ড থেকে এবার বাংলা লেখা তুলে দেওয়ার দাবি জানালেন ব্রিটেনের এক সাংসদ। তাঁর সেই দাবি নিয়ে আবার মুখ খুলেছেন ধনকুবের ইলন মাস্ক।

হোয়াইটচ্যাপেল স্টেশন থেকে বাংলায় সাইনবোর্ড তুলে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রেট ইয়ারমাউথের সাংসদ রুপার্ট লো। এক্স হ্যান্ডলে তিনি হোয়াইটচ্যাপেল স্টেশনের দুটি সাইনবোর্ডের ছবি দিয়ে লিখেছেন, “এটা লন্ডন। সাইনবোর্ড ইংরেজিতে হওয়া উচিত। এবং শুধু ইংরেজিতে থাকা উচিত।”

তাঁর এই পোস্ট ভাইরাল হয়েছে। তারপরই তাঁর পোস্টে কমেন্ট করেন ধনকুবের ইলন মাস্ক। রুপার্ট লো’কে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডলে মাস্ক লেখেন, “অবশ্যই।” মাস্কের মতো কেউ কেউ রুপার্টকে সমর্থন করেছেন। তবে অনেকেই বলেছেন,অন্য ভাষায় স্টেশনের নাম লেখা থাকার মধ্যে কোনও ভুল নেই।

পূর্ব লন্ডনের এই এলাকায় বিপুল সংখ্যক বাঙালি থাকেন। বিশেষ করে বাংলাদেশের নাগরিকরা সেখানে বসবাস করেন। ২০২২ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় সাইনবোর্ড রাখার সিদ্ধান্ত নেয়। সেইসময় এই নিয়ে এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, “১০০০ বছরের পুরনো ভাষার আন্তর্জাতিক গুরুত্ব ও শক্তি যে বৃদ্ধি হচ্ছে, তা এই সিদ্ধান্তে বোঝা যাচ্ছে।” তিনি আরও লিখেছিলেন, “এটা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের জয়।” বছর তিনেক যেতে না যেতেই এই স্টেশন থেকে এবার বাংলায় সাইনবোর্ড তুলে দেওয়ার দাবি জানালেন ব্রিটেনের সাংসদ রুপার্ট।

 

Follow Us