
নয়া দিল্লি: রাজ্যের সরকারি কর্মীরা অপেক্ষায় বসে আছেন সপ্তম পে কমিশনের (7th Pay Commission)। সেখানেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষা অষ্টম পে কমিশনের (8th Pay Commission) জন্য। কবে পরবর্তী পে কমিশন চালু হবে, কত টাকা বেতন বাড়তে পারে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।
অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন অ্যান্ড ন্যাশনাল মিশন ফর ওল্ড পেনশন স্কিম ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট ডঃ মনজিৎ সিং পটেল জানিয়েছেন, অষ্টম পে কমিশনের (8th Pay Commission) জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। অষ্টম পে কমিশনের অধীনে নতুন কাঠামোয় বেতন ও পেনশন পেতে পেতে আগামী বছরের এপ্রিল মাস হয়ে যেতে পারে।
ডঃ পটেল জানিয়েছেন, ২০২৫ সালের অক্টোবর মাসে অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দেয়। ১৮ মাস সময় দেওয়া হয়েছিল চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য। সেই হিসাব অনুযায়ী ২০২৭ সালের এপ্রিল-মে মাসেই রিপোর্ট জমা দেওয়ার কথা। মনে করা হচ্ছে, ওই সময় থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্ধিত বেতন পেতে পারেন। পেনশনভোগীদের টাকাও বাড়বে।
ইতিমধ্যেই কমিশন বিভিন্ন রাজ্যে গিয়ে বৈঠক করছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দাবি শোনার জন্য। দিল্লি ও হায়দরাবাদে বৈঠক হয়ে গিয়েছে। আগামী মিটিং হবে শ্রীনগরে, ১ থেকে ৪ জুন। এরপরে লাদাখে ৮ জুন বৈঠক হওয়ার কথা।