
নয়া দিল্লি: অ্যাপেলের ফোন (Apple Phone) কিনবেন ভাবছেন? বা আইপ্যাড (ipad)? ফ্লিপকার্ট (Flipkart), অ্যামাজ়ন (Amazon)-সহ একাধিক সংস্থা অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্টের উপর ছাড় দিচ্ছে। কিন্তু, এরই মধ্যে ভারতে ডিভাইসের দাম বাড়াল অ্যাপেল। ম্যাকবুক (MacBook), আইপ্যাড-সহ একাধিক ডিভাইসের দাম বাড়ানো হয়েছে। সম্প্রতি অ্যাপলের সিইও টিম কুক ইঙ্গিত দিয়েছিলেন, উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দাম বাড়ানো এড়ানো সম্ভব নয়। সেই আশঙ্কাই এবার সত্যি হল। কোনও ডিভাইসের ক্ষেত্রে দাম ২০ হাজার টাকা বেড়েছে। কোনও ডিভাইসের দাম আবার বেড়েছে ১ লক্ষ টাকা পর্যন্ত।
মূলত, MacBook, iPad, HomePod এবং Apple TV 4K-এর দাম বেড়েছে। কোন কোন ডিভাইসের, কোন কোন মডেলের কত দাম বাড়ানো হল, দেখে নিন একনজরে
iPad: ১৫ হাজার টাকা দাম বেড়েছে। সেক্ষেত্রে, দাম ৩৪,৯৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৯ হাজার ৯৯০ টাকা
iPad mini: দাম ছিল ৪৯ হাজার ৯০০ টাকা। ২০ হাজার দাম বেড়ে হয়েছে ৬৯,৯০০ টাকা
iPad Air: ২৫ হাজার টাকা দাম বেড়েছে। সেক্ষেত্রে দাম ৬৪ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৯ হাজার ৯০০ টাকা
iPad Pro: ৯৯,৯৯০ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৩৯ হাজার ৯১০ টাকা
দাম বাড়ানোর ফলে এন্ট্রি-লেভেল iPad কিনতেও এখন প্রায় ৫০ হাজার টাকা খরচ করতে হবে। অন্যদিকে Wi-Fi ভ্যারিয়েন্টের iPad Air-এর দাম পৌঁছে গিয়েছে প্রায় ৯০ হাজার টাকায়।
MacBook Air M5: ৩০ হাজার টাকা দাম বেড়েছে। সেক্ষেত্রে দাম ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা।
MacBook Pro M5: দাম ছিল ১ লক্ষ ৬৯ হাজার ৯০০ টাকা। বেড়ে হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৭০ হাজার টাকা।
MacBook Pro M5 Max: এক লক্ষ টাকা দাম বেড়েছে। ৩ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৪ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা।
MacBook Neo: ৬৯ হাজার ৯০০ টাকা দাম বেড়ে হয়েছে ৭৯ হাজার ৯০০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ১০ হাজার টাকা।
সম্প্রতি, লঞ্চ হওয়া MacBook Neo-র 256GB মডেলের দামও ১০ হাজার টাকা বেড়েছে। 512GB ভ্যারিয়েন্টের নতুন দাম এখন প্রায় ৯০ হাজার টাকা। যদিও বাজারে এখনও M3 ও M4 MacBook Air-এর কিছু স্টক পাওয়া যাচ্ছে, তবে সেগুলিও দ্রুত শেষ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
শুধু MacBook বা iPad নয়, অন্যান্য ডিভাইসের দামও বেড়েছে।
Mac Mini M4: ৫৯ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৫ হাজার টাকা।
HomePod: নতুন দাম হয়েছে ৪৪ হাজার ৯০০ টাকা
Apple TV 4K (64GB Wi-Fi): ১২ হাজার টাকা দাম বৃদ্ধির পর নতুন দাম হয়েছে ৪৪ হাজার ৯০০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, AI প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি চিপের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এর ফলে উৎপাদন ব্যয় বেড়েছে এবং সেই অতিরিক্ত খরচেরই বড় অংশ এবার গ্রাহকদের উপর চাপানো হচ্ছে। আগামী দিনে অন্যান্য সংস্থাও একই পথে হাঁটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।