Bank Locker Rules: লকারে গহনা তো রাখেন, কিন্তু কিছু হলে ব্যাঙ্ক কি আদৌ ক্ষতিপূরণ দেবে?

RBI locker compensation rules: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, একাধিক এমন পরিস্থিতি রয়েছে, যেক্ষেত্রে সোনা গহনার যদি ক্ষতি হয় বা নষ্ট হয়ে যায়, তাহলে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দেবে। আগুন লাগা, চুরি, ডাকাতি, বিল্ডিং ভেঙে পড়া বা প্রতারণার মতো ঘটনা ঘটলে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দেবে।

Bank Locker Rules: লকারে গহনা তো রাখেন, কিন্তু কিছু হলে  ব্যাঙ্ক কি আদৌ ক্ষতিপূরণ দেবে?
প্রতীকী চিত্রImage Credit source: Gemini AI

|

Apr 25, 2026 | 8:40 AM

নয়া দিল্লি: সোনার গহনা হোক বা মূল্যবান কোনও নথি, বাড়িতে রাখার থেকে অনেকেই ব্যাঙ্কের লকারে (Bank Locker) এই সব জিনিস রাখতে বেশি ভরসা করেন। লকারে রাখলেই নিশ্চিত হয়ে যান, যেন ওটা পৃথিবীর সবথেকে সুরক্ষিত জায়গা। তবে আদৌ কি তা সত্যি? যদি ব্যাঙ্কে ডাকাতি হয় বা কোনও কারণে আপনার বহুমূল্য জিনিসের ক্ষতিপূরণ কি পাবেন?

কোনও ক্ষতি হলে কত টাকা দেবে ব্যাঙ্ক?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, একাধিক এমন পরিস্থিতি রয়েছে, যেক্ষেত্রে সোনা গহনার যদি ক্ষতি হয় বা নষ্ট হয়ে যায়, তাহলে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দেবে। আগুন লাগা, চুরি, ডাকাতি, বিল্ডিং ভেঙে পড়া বা প্রতারণার মতো ঘটনা ঘটলে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দেবে। কিন্তু সেটাও একটা সীমা পর্যন্ত। ব্যাঙ্কের লকারের ভাড়া যত, তার ১০০ গুণ যে অঙ্ক, তা ক্ষতিপূরণ দেওয়া হবে।

ধরা যাক, আপনার বার্ষিক লকার ভাড়া দুই হাজার টাকা। তাহলে আপনি দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। যত পরিমাণ সোনার গহনাই থাকুক না কেন, তার মূল্য যত লাখ টাকাই হোক না কেন, লকারের ভাড়া যত হবে, তার ১০০ গুণ পর্যন্তই ক্ষতিপূরণ পাওয়া যাবে। অর্থাৎ আপনি যদি লকারে ১০ লক্ষ টাকার সোনার গহনা রাখেন এবং কোনও দুর্ঘটনা বা বিপদে গহনার ক্ষতি হয়, তাহলেও আপনি ২ লক্ষ টাকার বেশি পাবেন না। ব্যাঙ্ক কখনওই সোনার মূল্যের উপরে ভিত্তি করে ক্ষতিপূরণ দেয় না।

কোন ক্ষেত্রে ক্ষতিপূরণ দেবে না ব্যাঙ্ক-

অনেকেই জানেন না যে এমনও অনেক পরিস্থিতি আছে, যেখানে লকারে রাখা কোনও জিনিসের ক্ষতি হলেও ব্য়াঙ্ক ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। আরবিআই-র নিয়ম অনুযায়ী, প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা, ভূমিকম্প, বজ্রপাতের কারণে যদি লকারে রাখা জিনিসের কোনও ক্ষতি হয়, তাহলে ব্যাঙ্ক তার জন্য কোনও ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। 

আপনার লকারের ভিতরে কী রাখা রয়েছে, তা যেমন ব্যাঙ্ক জানে না, তেমনই লকারের রাখা কোনও জিনিসের ইন্সুরেন্স করে রাখে না ব্যাঙ্ক। অর্থাৎ পুরো দায়িত্বই গ্রাহকের কাঁধে থাকে।

Follow Us